ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পরীক্ষায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের পরীক্ষার্থীদের পদার্থবিদ্যা বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যাশিত নম্বর না পাওয়ায় শতাধিক ছাত্রছাত্রীর কাঙ্ক্ষিত উচ্চশিক্ষার পথ রুদ্ধ হয়ে গেছে।

ভুক্তভোগী পরীক্ষার্থী, তাঁদের অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ ওই ঘটনার জন্য চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক শামীমা সুলতানাকে দায়ী করেছেন। তাঁর শাস্তি দাবি করে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন।

এ পরিস্থিতিতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ কর্তৃপক্ষ গতকাল সোমবার শিক্ষক পরিষদের জরুরি সভা ডাকে। এতে কলেজটির অধ্যক্ষ মো. কামরুজ্জামান সভাপতিত্ব করেন। সভায় সরকারি কলেজের পরীক্ষার্থীদের প্রতি পৌর ডিগ্রি কলেজের বিমাতাসুলভ আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

এদিকে অভিভাবকদের প্রাথমিক অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক সায়মা ইউনুস রোববার পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান ও প্রভাষক শামীমা সুলতানাকে তলব করেন। একই সঙ্গে তিনি সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামানের কাছেও বিস্তারিত শোনেন।

জেলা প্রশাসক বলেন, ভুক্তভোগী ছাত্রছাত্রীরা লিখিত অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজ সূত্র জানায়, চলতি বছর কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে ৩৬২ জন এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৪ জন জিপিএ-৫ পায়। মোট পাস করে ৩১৯ জন। ১৮ আগস্ট ফল প্রকাশের পর পদার্থবিদ্যা ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেওয়ার বিষয়টি জানাজানি হয়। ফল পর্যালোচনা করে দেখা যায়, অন্যান্য ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীরা প্রত্যাশার কাছাকাছি নম্বর পেলেও পদার্থবিদ্যা ব্যবহারিকে বেশির ভাগ পরীক্ষার্থীকে ২৫ নম্বরের পরীক্ষায় ১২ থেকে ১৭ নম্বর দেওয়া হয়েছে। এতে এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ অনেকটাই রুদ্ধ হয়ে যাবে।

পরীক্ষার্থীদের দাবি, ওই ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্য নম্বর দেওয়া হলে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী দ্বিগুণসহ বিপুল ছাত্রছাত্রী জিপিএ-৫ পেতেন।

এক পরীক্ষার্থীর অভিভাবক আশরাফুল ইসলাম বলেন, তাঁর মেয়ে এসএসসিতে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে পাস করেন। এবার পদার্থবিদ্যা ব্যবহারিকে নম্বর কম দেওয়ায় কাঙ্ক্ষিত ফল থেকে বঞ্চিত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, তাঁর মেয়ে পদার্থবিদ্যা ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় ৩৮ পেয়েছেন। অথচ তাঁকে ব্যবহারিক পরীক্ষায় দেওয়া হয়েছে মাত্র ১২। এ কারণে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন।

তবে শামীমা সুলতানা বলেন, তাঁর বিরুদ্ধে আনা ঢালাও এ অভিযোগ ঠিক নয়। পরীক্ষার্থীদের প্রাপ্য নম্বরই দেওয়া হয়েছে।

পৌর কলেজের অধ্যক্ষ বলেন, তাঁর জানা মতে, শামীমা সুলতানা ঠিকভাবেই নম্বর দিয়েছেন। সরকারি কলেজে শিক্ষার্থীদের ঠিকমতো ব্যবহারিক বিষয়ে শিক্ষা না দেওয়ায় তাঁদের ফল বিপর্যয় হয়েছে।

সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, পৌর কলেজের কক্ষ পরিদর্শকেরা সরকারি কলেজের শিক্ষার্থীদের প্রতিপক্ষ ভেবে তাঁদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেন এবং ব্যবহারিক পরীক্ষায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে কম নম্বর দিয়েছেন।