ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় উচ্চমাধ্যমিকের (এইচএসসি) ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানায়, ফেল করার ভয় দেখিয়ে, বেশি নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অথবা মিষ্টি খাওয়ার কথা বলে শিক্ষকেরা টাকা আদায় করছেন।
গতকাল শনিবার কেশবপুর কলেজ কেন্দ্রে কৃষিশিক্ষা ও ভূগোল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলে, ব্যবহারিক পরীক্ষার জন্য তাদের কাছ থেকে ১০০-২০০ করে টাকা নেওয়া হয়েছে। কেশবপুর হাজি মোতালেব মহিলা কলেজের কৃষিশিক্ষার এক ছাত্রী বলে, ‘মিষ্টি খাওয়ার কথা বলে আমার কাছ থেকে এক শিক্ষক ১০০ টাকা নিয়েছেন। ভালো নম্বর দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।’ কলেজের শিক্ষক আফরোজা খাতুন বলেন, ‘আমি উদ্ভিদবিদ্যা বিষয়ের শিক্ষক। তবুও কৃষিশিক্ষার ক্লাস নিতে হয়। কারণ, এ বিষয়ের কোনো শিক্ষক নেই। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য কোনো টাকা পাই না। তাই শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছি।’
গত বৃহস্পতিবার পদার্থবিদ্যার ব্যবহারিক পরীক্ষায় কেশবপুর কলেজের শিক্ষক নাজমুল হোসাইন ১৫০ শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিক্ষার্থীরা স্বেচ্ছায় পিয়নদের ২০-৫০ টাকা করে দিয়েছে।’
কেশবপুর কলেজের কেন্দ্রসচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দীন চৌধুরী বলেন, ‘ব্যবহারিক পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।’
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘ব্যবহারিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ২৫ টাকা বোর্ড ফি নেওয়া হয়ে থাকে। তা দিয়েই খরচ চলানোর কথা। বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পেয়েছি। কিন্তু প্রমাণ না পাওয়ায় কিছু করা যাচ্ছে না। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’