ব্যস্ত সড়কে প্রকাশ্যে সাবেক এক নেতাকে হত্যা
যশোর শহরে আজ মঙ্গলবার মনজুর রশিদ (৫৫) নামের এক ব্যক্তির মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। বিকেল চারটার দিকে শহরের ব্যস্ত রবীন্দ্রনাথ ঠাকুর (আরএন) সড়কে প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মনজুর রশিদের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার ত্রেপালা গ্রামে। তবে তিনি পরিবার নিয়ে সদর উপজেলার হামিদপুর গ্রামে থাকতেন।
মনজুর রশিদ যশোর জেলা আওয়ামী বাস্তুলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন বর্তমান কমিটির সভাপতি শেখ ইউনূস আলী।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়, যশোর আদালত থেকে মনজুরসহ পাঁচজন ইজিবাইকে করে হামিদপুরে বাড়ির দিকে যাচ্ছিলেন। ইজিবাইক আরএন সড়কের হোমিওপ্যাথি কলেজের পাশে পৌঁছালে একটি মোটরসাইকেলে করে এসে তিন দুর্বৃত্ত ইজিবাইকটিকে থামায়। এরপর তারা মনজুরের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মনজুরের মৃত্যু হয়।
মনজুরের লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। হত্যাকাণ্ডের ঘটনার প্রত্যক্ষদর্শী আহাদ আলী হাসপাতালের মর্গের সামনে প্রথম আলোকে বলেন, আদালতে কাজ করে মনজুর ও তিনি একসঙ্গে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ করে ইজিবাইক থেমে যায়। একজন হাত বাড়িয়ে মনজুরের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। তিনি বলেন, ‘ভয়ে আমরা ইজিবাইক থেকে নেমে দিকবিদিক দৌড়াতে থাকি। আতঙ্ক সৃষ্টির জন্য সন্ত্রাসীরা আরও কয়েকটি গুলি ছোড়ে। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা মোটরসাইকেলে করে খালধার সড়কের দিকে পালিয়ে যায়।’
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি মোটরসাইকেলে করে তিনজন মনজুরের মাথায় গুলি করেছে। কি কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।