ব্যস্ত সড়কে গুলি করে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইব্রাহীম হোসেন
ইব্রাহীম হোসেন

চট্টগ্রামে দিনদুপুরে ব্যস্ত সড়কে ভিড়ের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে এক যুবককে। যে এলাকায় এ ঘটনাটি ঘটেছে, এর পাঁচ শ গজের মধ্যে নগরের কোতোয়ালি থানা। হঠাৎ গুলির শব্দে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন পথচারী ও ফুটপাতের হকাররা। কয়েক মিনিটের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় খুনিরা। ফুটপাতে পড়ে থাকে গুলিবিদ্ধ যুবকের লাশ।

গতকাল রোববার দুপুর ১২টার দিকে নগরের জিপিও (জেনারেল পোস্ট অফিস) কার্যালয়ের বিপরীত দিকের সড়কে আলকরণ মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম হোসেন ওরফে মানিক (৩২) নগরের সদরঘাট এলাকার বাসিন্দা। তিনি স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত। পূর্ববিরোধের জেরে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থল থেকে পালানোর সময় মো. রানা নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত ইব্রাহীমের বড় ভাই ইউসুফ রতন সাংবাদিকদের কাছে দাবি করেন, আটক রানাই তাঁর ভাইকে গুলি করেছেন। এলাকায় মাদক, চাঁদাবাজির বিরোধিতা করায় ইব্রাহীমকে খুন করা হয়েছে। তাঁর ভাই জাহাজে বিভিন্ন পণ্য সরবরাহের ব্যবসা করতেন। তবে গতকাল বেলা দুইটায় আটক রানা কোতোয়ালি থানায় পুলিশের উপস্থিতিতে প্রথম আলোর কাছে দাবি করেন ইব্রাহীমই তাঁর ওপর হামলা করেছেন।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ফুটপাতের ওপর ছোপ ছোপ রক্তের দাগ। সেখানে পড়ে থাকা দুটি স্যান্ডেলে রক্ত লেগে আছে। পড়ে আছে গুলির খোসা। হত্যাকাণ্ডের স্থানটি দড়ি দিয়ে ঘিরে রেখেছে পুলিশ।

ঘটনাস্থলের পাশের দোকানের কর্মচারী মো. সবুজ বলেন, দুপুর ১২টার দিকে তিনি গুলির শব্দ শুনতে পেয়েছেন। দোকান থেকে বেরিয়ে দেখেন রাস্তায় থাকা লোকজন ছোটাছুটি করছে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এক যুবক। কারা এসে কীভাবে গুলি করেছে তিনি জানেন না।

ফুটপাতে কলা বিক্রেতা বৃদ্ধ হাছন মিয়া বলেন, গুলির শব্দ শোনার পর তিন যুবককে তিনি দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন।

বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে আসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রামের ক্রাইম সিন ইউনিটের একটি দল। সিআইডি চট্টগ্রামের পরিদর্শক এ এম ফারুক বলেন, ঘটনাস্থল থেকে পিস্তলের একটি গুলি উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন সাংবাদিকদের বলেন, আটক রানাকে জিজ্ঞাসাবাদ করে ও অন্যান্য সূত্র থেকে তাঁরা জানতে পেরেছেন, সদরঘাট এলাকায় রানার (আটক) মামার দোকান রয়েছে। দেড় বছর আগে দোকানটি ভাড়া নিয়েছিলেন ইব্রাহীম। পরে দোকানের দখল আর ছাড়েননি তিনি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মামলা হয়। গতকাল সকালে ইব্রাহীমের অনুসারীরা নগরের সিটি কলেজের পাশে শাহজাহান হোটেলের সামনে রানার ওপর হামলা চালায়। দুপুর ১২টার দিকে আলকরণ মোড়ে ইব্রাহীমকে দেখতে পেয়ে দুই পক্ষ আবার মুখোমুখি হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ইব্রাহীমকে গুলি করা হয়। রানার সঙ্গে ছিলেন তাঁর সহযোগী সুমন ও কালা। ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর সময় রানাকে আটক করে পুলিশ

পুলিশ জানায়, স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ইব্রাহীমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইব্রাহীমের বাঁ পায়ের ঊরুতে গুলি লেগেছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, আটক রানা এক মাস আগে কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে সদরঘাট থানায় চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রানা ও ইব্রাহীমের মধ্যে দোকান দখল নিয়ে পূর্বশত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটতে পারে। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে। কার গুলিতে ইব্রাহীম মারা গেছেন, তা শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।