ব্যস্ততম এলাকায় সোনা গলানোর বিষাক্ত ধোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ আইন অমান্য করে রংপুর নগরের ব্যস্ততম বেতপট্টি এলাকায় সোনা গলানোর কাজ চলছে। স্বর্ণালঙ্কার তৈরির দোকানগুলোয় নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিড দিয়ে সোনা গলানো হয়। এ থেকে সৃষ্ট ধোঁয়া মানুষের জন্য ক্ষতিকর।
জেলা সিভিল সার্জন মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, অ্যাসিডের এই ধোঁয়া বিষাক্ত। চোখ জ্বালা করবে। হৃদ্রোগীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। ফুসফুসের সমস্যা দেখা দেওয়ারও আশঙ্কা রয়েছে।
স্বর্ণ ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, শহরের বেতপট্টিতে (দেওয়ানবাড়ি রোড, হাড়িপট্টি ও হকার্স মার্কেট) ছোট-বড় ১২৫টি স্বর্ণের দোকান রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ দোকানে খোলা স্থানে, কেউ কেউ পাইপ লাগিয়ে সোনা গলানোর কাজ করছে। এসব দোকানের পাশে জেলা পরিষদ ও মিনি সুপার বিপণিবিতান, নবাবগঞ্জ বাজার, কালেক্টরেট মার্কেটসহ অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান অবস্থিত। সরকারি-বেসরকারি ব্যাংক-বিমাও রয়েছে। নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিড দিয়ে সোনা গলানোর ধোঁয়া বিপণিবিতানসহ আশপাশের বিভিন্ন দোকানে ঢুকছে। এতে বাজারে আসা মানুষজন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।
বিপণিবিতানে কেনাকাটা করতে আসা গৃহিণী আনোয়ারা বেগম জানান, বেতপট্টি এলাকায় এলে ধোঁয়ায় চোখ জ্বালা করে। আয়েশা আক্তার নামের আরেক গৃহিণী জানান, এখানে এলে হঠাৎ ধোঁয়ায় কাশি এসে যায়। বেতপট্টি এলাকার একজন ব্যবসায়ী সামসুল ইসলাম। তিনি জানান, যাঁরা এখানে ব্যবসা করেন, তাঁদের এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে।
মহানগর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম জানান, এ নিয়ে মানুষজনের কাছ থেকে অনেক বিরূপ মন্তব্য শুনতে হয়। বিষয়টি নিয়ে সোনা ব্যবসায়ীদের সঙ্গে অনেকবার কথা হয়েছে। কিন্তু কোনো কাজে আসেনি।
জেলা প্রশাসনের দপ্তরে অ্যাসিড বিষয়ক তদারকির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা সামসুল ইসলাম জানান, সোনার দোকানগুলোয় অ্যাসিড ব্যবহারের জন্য সাতটি দোকানের লাইসেন্স রয়েছে। ২০০৪ সালের অ্যাসিড বিধি গেজেটের ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, বিনা লাইসেন্সে কোনো ধরনের অ্যাসিড ব্যবহার করতে পারবে না কেউ। কিন্তু পরিবেশের বিষয়টি তাঁদের দেখার নয়, দেখবে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর, রংপুর কার্যালয়ের উপপরিচালক ওসমান গণি বলেন, ‘শহরের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে সোনা গলানো যাবে না। অ্যাসিডের ধোঁয়া পরিবেশের হুমকি, এ কথা শতভাগ সত্য। অনেক পদক্ষেপ নিয়েও আমরা ব্যর্থ হয়েছি।’
স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘যে সময় মার্কেটে বেশি লোকসমাগম হয়ে থাকে, সে সময় অর্থাৎ বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত সোনা গলানো হয় না।’