ব্যস্ততম সড়ক বন্ধ করে বেতারের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ পৌরসভার রেলওয়ে স্টেশনে যাওয়া–আসার একমাত্র সড়ক বন্ধ করে দিয়ে বাংলাদেশ বেতার রংপুরের বহিরাঙ্গন অনুষ্ঠান ‘ডিজিটাল বাংলাদেশ’ পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। এতে পথচারী ও আশপাশে বসবাসকারী লোকজন দুর্ভোগে পড়েন। গত বৃহস্পতিবার পৌর শহরের জিতেন দত্ত বিজয়মঞ্চের কাছে ওই রেলওয়ে স্টেশন সড়কের পুরোটাজুড়ে মঞ্চ বানিয়ে বিকেল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই অনুষ্ঠান চলে।
পুরো সময়জুড়ে উপস্থিত থেকে ওই অনুষ্ঠান উপভোগ করেছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী, বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল ও বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান।
পথচারী মোকছেদুল হক অভিযোগ করেন, স্টেশন সড়ক বন্ধ করে দেওয়ায় টানা ছয় ঘণ্টা ওই সড়ক দিয়ে রেলওয়ে স্টেশনে হেঁটেও যাতায়াত করা যায়নি।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা সম্পাদক মাহফুজার রহমান বলেন, অনুষ্ঠান করার জন্য বদরগঞ্জে অনেক জায়গা রয়েছে। কিন্তু পৌর শহরের একটি ব্যস্ততম সড়ক এভাবে দীর্ঘ সময়জুড়ে বন্ধ করে দিয়ে বাংলাদেশ বেতারের ওই অনুষ্ঠান পরিচালনা করা ঠিক হয়নি। এতে পথচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। অনুষ্ঠানে সরকারের গুণগান করতে গিয়ে বাংলাদেশ বেতার সরকারের ক্ষতি করেছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী বলেন, অনুষ্ঠান চলাকালীন ব্যস্ততম ওই সড়ক দিয়ে পথচারীরা যাতায়াত করতে না পেরে বিরক্ত ও ক্ষুব্ধ হয়েছেন। সড়ক বন্ধ করে এমন অনুষ্ঠান করা ঠিক হয়নি।
বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা বলেন, বিধি অনুযায়ী পৌরসভার কোনো স্থানে অনুষ্ঠান করলে পৌর কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিতে হয়। বাংলাদেশ বেতার রংপুর কোনো অনুমতি নেয়নি।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, বেতারের ওই অনুষ্ঠানটি ছিল সরকারি। তবে মঞ্চের পাশ দিয়ে অন্তত মানুষ যাতে হেঁটে রেলওয়ে স্টেশনে যাওয়া-আসা করতে পারে, সে ব্যবস্থা রাখা উচিত ছিল।
বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী বলেন, ‘আসলে অনুষ্ঠানটি করেছে বাংলাদেশ বেতার। আমি ছিলাম অতিথি।’
স্থানীয় সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা যায়নি।
তবে বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ‘আমি ওই অনুষ্ঠান সড়কের ওপর কখনোই করতে রাজি হইনি।’
পরিচালক আরও বলেন, ‘অনুষ্ঠান করার জন্য বেলাল হোসেন নামের বদরগঞ্জের এক ব্যক্তিকে মঞ্চ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি (বেলাল) এবং বেতারের আমার এক সহকর্মী সেখানে আগের দিন গেলে আমাকে জানিয়েছিল, সড়কে অনুষ্ঠান করতে সমস্যা হবে না।’