রাজধানীর পল্টন লাইন-সংলগ্ন কালভার্ট রোড এলাকায় অভিযান চালিয়ে গতকাল বুধবার অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে উচ্চক্ষমতাসম্পন্ন ১ হাজার ৮০০ ঘুমের বড়ি উদ্ধার করা হয়েছে।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবুল বাশার অজ্ঞান পার্টির সদস্যদের কাছে ঘুমের বড়ি সরবরাহ করতেন। তিনি মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিল্যান্স শাখার ক্যাশিয়ার। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন আবদুল মতিন ওরফে অজ্ঞান মতিন, তাঁর সহযোগী মো. সেলিম, মো. শিমুল ও আবুল হোসেন।
অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেপ্তারের খবর জানাতে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম বলেন, এর আগে ধরা পড়া অজ্ঞান পার্টির সদস্যরা ডিবির জিজ্ঞাসাবাদে বলেন, ব্যাংকের ক্যাশিয়ার আবুল বাশারের কালভার্ট রোডে গাউছিয়া ফার্মেসি নামে একটি ওষুধের দোকান আছে। বাশারের কাছ থেকে তাঁরা উচ্চক্ষমতাসম্পন্ন ঘুমের বড়ি কেনেন।
মনিরুল ইসলাম বলেন, মতিন সীমান্ত এলাকা থেকে অজ্ঞান করার ওষুধ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। চক্রের সদস্যরা ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাস, লঞ্চ ও রেলস্টেশনে খাবারের সঙ্গে কৌশলে ঘুমের বড়ি খাইয়ে মানুষকে অজ্ঞান করে তাদের সর্বস্ব লুটে নেন। গত সাত মাসে ডিবি পুলিশ অজ্ঞান পার্টির ৫৪ সদস্যকে গ্রেপ্তার করেছে।
জাল ড্রাইভিং লাইসেন্স: গতকাল সকালে ডিবির আরেকটি দল খিলগাঁওয়ে অভিযান চালিয়ে জাল ড্রাইভিং লাইসেন্স তৈরিতে জড়িত থাকার অভিযোগে মাসুম পারভেজ ও আল মামুন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে তিনটি জাল ড্রাইভিং লাইসেন্স ও জাল লাইসেন্স তৈরির বিপুল উপকরণ উদ্ধার করা হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দালালদের মাধ্যমে জাল লাইসেন্সের অর্ডার নিয়ে তা তৈরি করে দিতেন। একেকটি জাল লাইসেন্সের জন্য তাঁরা এক হাজার থেকে চার হাজার টাকা নিতেন। সাধারণত তাঁরা সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের জাল লাইসেন্স তৈরি করতেন।
ডিবির জিজ্ঞাসাবাদে মাসুম পারভেজ বলেন, নীলক্ষেতের একটি দোকানে স্কুলের শিক্ষার্থীদের পরিচয়পত্র তৈরির কাজ করতেন তিনি। সেখান থেকেই তাঁর মাথায় জাল ড্রাইভিং লাইসেন্স তৈরির পরিকল্পনা আসে। গত বছর তিনি কয়েক শ জাল লাইসেন্স তৈরি করে তা সরবরাহ করেছিলেন।