ব্যাংক কর্মকর্তা খুন
বরগুনার তালতলী উপজেলার বিপ্লব চন্দ্র মিস্ত্রি (৩২) নামে এক ব্যাংক কর্মকর্তা খুন হয়েছেন। চাচার হাতুড়ি পেটায় তিনি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি পূবালী ব্যাংক পটুয়াখালী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতেই তালতলী থানার পুলিশ নিহত বিপ্লবের চাচা নিত্যরঞ্জন মিস্ত্রি, ভাই সনাক মিস্ত্রি ও স্ত্রী সরদিনী রানীকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, বিপ্লব রঞ্জন মিস্ত্রির সঙ্গে তাঁর চাচা নিত্যরঞ্জন মিস্ত্রির একটি পুকুরের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চিত্তরঞ্জন বৃহস্পতিবার সকাল থেকে বিরোধপূর্ণ জমিতে মাটি ভরাটের কাজ শুরু করলে বিপ্লব ওই দিন সন্ধ্যায় পটুয়াখালী থেকে বাড়ি ফিরে এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে চাচা নিত্যরঞ্জন মিস্ত্রি, সনাক মিস্ত্রি ও গণপতি মিস্ত্রি হাতুড়ি দিয়ে পিটিয়ে বিপ্লবকে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই বিপ্লবের মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই তালতলী থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং এতে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বিপ্লবের ভাই দুলাল চন্দ্র মিস্ত্রি বাদী হয়ে পাঁচজনের নামে মামলা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।