ব্যাংক কর্মকর্তা, ট্যানারি মালিকসহ গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির আলাদা মামলায় ব্যাংক কর্মকর্তা, ট্যানারি মালিক, সরকারি কর্মকর্তাসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ এই আটজনকে গ্রেপ্তার করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে।

দুদকের সূত্র বলেছে, পরস্পর যোগসাজশে একজন গ্রাহকের ডিপিএসের বিপরীতে ঋণ দেখিয়ে ১৯ লাখ ৯৯ হাজার ১৭০ টাকা আত্মসাতের অভিযোগে সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকালই তাঁদের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন দুদকের উপপরিচালক রেভা হালদার। গ্রেপ্তার করা তিনজন হলেন সিটি ব্যাংকের জিন্দাবাজার শাখার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. মুজিবুর রহমান, একই শাখার ক্যাশ ইনচার্জ মো. গিয়াসউদ্দিন এবং সাবেক কাস্টমার সার্ভিস অফিসার মো. সাজ্জাদুর রহমান।

ব্যাংকের ঋণ পরিশোধ না করার মামলায় ট্যানারি ব্যবসায়ী ফজলু মিয়াকে গতকাল ঢাকার হাজারীবাগ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রূপালী ব্যাংকের হাজারীবাগ শাখা থেকে ১৯৯৮ সালে ব্যবসা পরিচালনার জন্য ইন্টারন্যাশনাল ট্যানারির নামে ৪ কোটি ১৬ লাখ টাকা ঋণ নেন তিনি। ওই সময় বন্ধকি জমির মূল দলিলও জমা দেননি তিনি। ওই ঋণ ফেরত দেওয়ার জন্য ব্যাংকের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হয়, সুদও মওকুফ করা হয়।