ব্যাংক কর্মকর্তা নিখোঁজ অপহরণের অভিযোগে ব্যবসায়ী ˆগ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) গাজীপুরের কালীগঞ্জ শাখার ক্যাশ কর্মকর্তা জসীমউদ্দীনকে (৩২) খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁকে অপহরণের অভিযোগে রাজবাড়ীর ব্যবসায়ী সঞ্জয় শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে তাঁকে কারাগারে পাঠিয়েছেন রাজবাড়ীর আমলি আদালত। গতকাল পর্যন্ত উদ্ধার হননি ওই কর্মকর্তা।
গত ২২ ডিসেম্বর অপহৃত ব্যাংক কর্মকর্তার ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে সঞ্জয় ওরফে মনোজের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় বলা হয়, গত ১৬ ডিসেম্বর বরিশালের বোনের বাড়ি থেকে ৪ লাখ ৬ হাজার টাকা নিয়ে পালসার মোটরসাইকেলে গাজীপুরের উদ্দেশে বের হন জসীম। ওই দিন বেলা তিনটার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুরে সঞ্জয়ের বাড়িতে আসেন। জসীমউদ্দীন ইউসিবিএল ব্যাংকের রাজবাড়ী শাখায় চাকরি সুবাদে সঞ্জয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
এজাহারে অভিযোগ করা হয়, রাজবাড়ীর খানখানপুর সেতু বা তার আশপাশের এলাকা থেকে জসীমকে অপহরণ করা হয়েছে। সঞ্জয় এই অপহরণের মূল পরিকল্পনাকারী। এজাহারে অভিযোগ করা হয়, সঞ্জয় পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে জসীমকে গুম করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সঞ্জয় ও জসীম কয়েক বছর আগে বগুড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করতেন। তখন থেকেই তাঁদের ঘনিষ্ঠতা। কয়েক বছর পর সঞ্জয় রাজবাড়ীতে এসে ব্যবসা শুরু করেন। প্রায় তিন বছর আগে ইউসিবিএলে চাকরি নিয়ে জসীম রাজবাড়ী শাখায় আসেন। এ সময় তাঁদের পুরোনো সম্পর্ক চাঙা হয়। বছর খানেক আগে জসীম বদলি হয়ে গাজীপুরে চলে যান।
রাজবাড়ীতে জসীম ও সঞ্জয়ের বন্ধু এবং স্থানীয় সূত্রগুলো জানায়, ১৬ ডিসেম্বর বিকেলে জসীম ও সঞ্জয় দৌলতদিয়া যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরে ফেরার পর জসীম ইউসিবিএলের এক সহকর্মীর বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে নয়টার দিকে সঞ্জয়ের সঙ্গে আবার তাঁর বাড়িতে ফেরেন।
সঞ্জয়ের মা মিনতি শিকদার প্রথম আলোর কাছে দাবি করেন, বেলা সাড়ে তিনটার দিকে সঞ্জয়ের সঙ্গে বাড়িতে আসেন জসীম। এরপর গোসল করে দুজনে বিকেলে বের হয়ে যান। রাতে এসে খাওয়ার পর দুজন ঘুমিয়ে পড়েন। সকাল সোয়া ছয়টায় গাজীপুরের উদ্দেশে বের হয়ে যান জসীম। সঞ্জয় তাঁকে বাড়ির ফটক পর্যন্ত এগিয়ে দেন।
অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান, ২২ ডিসেম্বর মামলার পর ওই রাতেই সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। ২৩ ডিসেম্বর মঙ্গলবার তাঁকে রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
নিখোঁজ ব্যাংক কর্মকর্তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।