ব্যাংক কর্মকর্তা পাঁচ দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস এ এম আরবাতুজ্জামান (৩৭) নামের এক ব্যাংক কর্মকর্তা পাঁচ দিন ধরে নিখোঁজ। ২৬ জুলাই রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আরবাতুজ্জামানের ভাই আরফাতুজ্জামান।
পরিবার জানায়, আরবাতুজ্জামান ব্র্যাক ব্যাংকের গুলশান নিকেতন শাখার সিনিয়র অফিসার। তিনি নাগরিক নাট্যাঙ্গনের জ্যেষ্ঠ শিল্পী। স্ত্রী-সন্তান নিয়ে থাকেন পশ্চিম তেজতুরী বাজারে গার্ডেন রোডে। প্রতিদিনের মতো ২৬ জুলাই সকাল সাড়ে আটটার দিকে তিনি কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন। যাওয়ার পথে রিকশাযোগে স্ত্রী ও বাচ্চাকে বাসার অদূরে স্কুলে নামিয়ে দেন। সেখান থেকে তাঁর গুলশানে কর্মস্থলে যাওয়ার কথা ছিল। সকাল পৌনে নয়টার দিকে আরবাতুজ্জামানের সঙ্গে ফোনে তাঁর মায়ের কথা হয়। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরবাতুজ্জামান বাসায় ফেরেননি।
আরবাতুজ্জামানের ভাই আকরামুজ্জামান প্রথম আলোকে বলেন, কারও সঙ্গে তাঁর কোনো ঝামেলা নেই। তিনি রাজনীতির সঙ্গেও জড়িত নন। তাই ঘটনা সম্পর্কে কোনো কিছুই ধারণা করতে পারছেন না তাঁরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাঁরা জানতে পেরেছেন, আরবাতুজ্জামানের মুঠোফোন বন্ধ হওয়ার আগে সর্বশেষ অবস্থান ছিল তেজতুরী বাজার এলাকায়।
এ ঘটনায় করা জিডির তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ প্রথম আলোকে বলেন, এখনো পর্যন্ত ঘটনার কোনো সূত্র তাঁরা খুঁজে পাননি। তাঁরা নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।