ব্যাংক কর্মকর্তাকে অপহরণ পণ দিয়ে ছয় ঘণ্টা পর মুক্ত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে অপহরণের ছয় ঘণ্টা পর ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে অপহরণকারীরা এক ব্যাংক কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে।
গত বুধবার এ ঘটনা ঘটে। অপহরণকারীরা তাঁকে গভীর রাতে নারায়ণগঞ্জের তারাব এলাকায় নামিয়ে দেয়।
ওই ব্যাংক কর্মকর্তার নাম আহসান হাবিব (৩৩)। তিনি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের মোল্লাবাড়ি মহল্লায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। তিনি ইসলামী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখায় কর্মরত আছেন।
আহসান হাবিব বলেন, ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে তিনি চাকরি করেন। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে কাজ শেষে তিনি ব্যাংকের কার্যালয় থেকে বের হন। পরে তিনি ভৈরবে আসার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি বাসে সরাইলের বিশ্বরোড মোড় চত্বরে এসে নামেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে সেখানে পৌঁছাতে সন্ধ্যা সাতটা বেজে যায়। সেখানে নেমে তিনি ভৈরবের বাসের জন্য অপেক্ষা করছিলেন। চত্বর থেকে একটু এগিয়ে আসতেই একটি সাদা রঙের প্রাইভেট কার এসে তাঁর সামনে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে কয়েকজন বের হয়ে তাঁকে জোর করে গাড়িতে উঠিয়ে কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলে। চলন্ত গাড়িতে রড দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে তারা তাঁর কাছে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলে। এরপর তিনি ঘটনাটি পরিবারের লোকজনকে জানান।
আহসান হাবিবের স্ত্রী অর্থি বেগম জানান, অপহরণের ঘটনা জেনে প্রথমে তাঁরা বিষয়টি র্যাব-১৪ ভৈরব ক্যাম্প এবং নরসিংদীর পুলিশ সুপারকে জানান।
অপহরণকারীদের ধরার জন্য র্যাব অভিযান শুরু করে। একপর্যায়ে ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিতে রাজি হওয়ায় তাঁরা ওই টাকা বিকাশ-এর মাধ্যমে অপহরণকারীদের কাছে পাঠান। টাকা পাওয়ার পর রাত একটার দিকে অপহরণকারীরা হাবিবকে নারায়ণগঞ্জের তারাব এলাকায় নামিয়ে দেয়। ভোর চারটার দিকে তিনি বাসায় ফিরে আসেন।
নরসিংদীর পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, অপহরণকারীরা ঘন ঘন স্থান পরিবর্তন করেছিল। ওই ব্যাংক কর্মকর্তা স্থানীয় থানায় অভিযোগে দিলে তাঁরা বিষয়টি তদন্ত করে দেখবেন।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান জানান, অপহরণের বিষয়টি জানার পর তাঁরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। এ ঘটনায় মামলা হলে তাঁরা আইনানুগ ব্যবস্থা নেবেন।