ব্যাংক কর্মকর্তাকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আক্তারুজ্জামান নামে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের সুলতানাবাদ এলাকা থেকে তাঁকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় আক্তারুজ্জামানের বাবা আফছার উদ্দিন আজ সন্ধ্যায় বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

আক্তারুজ্জামানের বাড়ি রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকায়। তিনি এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে আক্তারুজ্জামান নগরের নিউ মার্কেটের পাশে সুলতানাবাদ এলাকার একটি গলির রাস্তায় নন্দিতা প্রিন্টিং প্রেসে বসে চা পান করছিলেন। এ সময় একটি সাদা মাইক্রোবাস ওই গলির মধ্যে গিয়ে থামে। গাড়ির লোকজন তাঁকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে।

এক্সিম ব্যাংকের রাজশাহী শাখার বর্তমান অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নুরুল হাবিব বলেন, আক্তারুজ্জামান এক্সিম ব্যাংকের রাজশাহী শাখার প্রথম ব্যবস্থাপক ছিলেন। সেখান থেকে কুষ্টিয়া, বগুড়া ও পরে আবার রাজশাহীতে ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। পাঁচ-ছয় মাস আগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এর প্রতিবাদে তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ নয় কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ জন্য তিনি আর প্রধান কার্যালয়ে যোগদান করেননি। সম্প্রতি মামলার শুনানি হয়েছে। আজ সন্ধ্যায় আক্তারুজ্জামানের ভাই আব্দুল মতিন তাঁকে ফোন করে বলেন, তাঁর ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুঠোফোন ট্র্যাকিং করে দেখা গেছে বেলা দেড়টার দিকে আক্তারুজ্জামানের অবস্থান ছিল নগরের রেল স্টেশন এলাকায়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, ওই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারে চেষ্টা চলছে।