ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করল দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় অর্থ আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তা মোতাহার হায়দার মোল্লাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা শাখা। গতকাল সোমবার বেলা একটার দিকে তাঁকে সোনালী ব্যাংক আখাউড়া শাখা থেকে গ্রেপ্তার করা হয়।
মোতাহার হায়দার মোল্লা সোনালী ব্যাংক আখাউড়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা (সিনিয়র অফিসার)। তাঁর বাড়ি আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের টনকী গ্রামে।
দুদক সূত্রে জানা গেছে, দুদক কুমিল্লা অঞ্চলের উপপরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল মোতাহার মোল্লাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সোনালী ব্যাংক শাখা থেকে গ্রেপ্তার করে। সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে পেনশন গ্রহণকারীদের নামে ভুয়া ও অতিরিক্ত বিল ভাউচারের বিপরীতে পেনশন, বয়স্ক, বিধবা ও মুক্তিযোদ্ধা ভাতার ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা ব্যাংকের কয়েকজন যোগসাজশের মাধ্যমে আত্মসাৎ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার কয়েকজন কর্মকর্তার যোগসাজশে টাকা আত্মসাতের ঘটনায় শামীম মবিন চৌধুরী নামের এক ব্যক্তি ক্রাইম ওয়াচ নামে প্রাতিষ্ঠানিক পরিচয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ২০১১ সালের ১২ জানুয়ারি একটি চিঠি দেন। চিঠি পাওয়ার পর ব্যাংকের ভিজিল্যান্স অ্যান্ড কন্ট্রোল ডিভিশনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আজিজ আহমেদ খান এবং নির্বাহী কর্মকর্তা মো. ইকরামের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তাঁরা ওই বছরের ১৪ ফেব্রুয়ারি সরেজমিনে তদন্ত করে টাকা আত্মসাতের বিষয়টি প্রাথমিকভাবে উদ্ঘাটন করেন। পরে ২২ ফেব্রুয়ারি তাঁরা তাঁদের বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেন।
দুদক কুমিল্লা অঞ্চলের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখায় কর্মরত থাকাকালে মোতাহার মোল্লাসহ অন্যরা পেনশনভোগীদের প্রায় ১৭ কোটি টাকা আত্মসাৎ করেন। অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ১২ অক্টোবর মোতাহার হোসেন মোল্লার নামে কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নূরুল হুদা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করেন। মোতাহারকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।