ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগ, স্ত্রী-ছেলে আটক
গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকায় গতকাল শুক্রবার মধ্যরাতে নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড। হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই ব্যক্তির স্ত্রী, ছেলে ও শ্যালিকাকে আটক করেছে।
অবসরপ্রাপ্ত ওই ব্যাংক কর্মকর্তা হলেন মো. গিয়াস উদ্দিন খান (৬০)। আটক করা হয়েছে স্ত্রী জাহানারা বেগম (৫০), ছেলে শাহরিয়ার মানিক (৩০) ও শ্যালিকা পারভিন আক্তারকে (৪০)।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, আজ শনিবার সকালে লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। মৃত ব্যক্তির ঘাড়ে সুই–জাতীয় বস্তুর আঘাতের চিহ্ন আছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও সন্তানসহ তিনজনকে আটক করা হয়েছে।
গিয়াস উদ্দিনের ভাই ও পুলিশ সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন খান স্ত্রী-সন্তান নিয়ে শহরের বরুদা এলাকায় নিজ বাড়িতে থাকতেন। তিনি সোনালী ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার ছিলেন। এক মাস ধরে তিনি অবসর প্রস্তুতিকালীন (এলপিআর) ছুটিতে আছেন। তাঁর স্ত্রী ও ছেলে টাকাপয়সার জন্য প্রায়ই তাঁর সঙ্গে ঝগড়া করতেন এবং তাঁকে মারধরও করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গিয়াস উদ্দিন তাঁর ভাইসহ নিকট আত্মীয়দের মুঠোফোনে জানিয়েছিলেন, তাঁর স্ত্রী ও সন্তান মিলে তাঁকে হত্যা করতে পারেন। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে গিয়াস উদ্দিনের ছোট ভাই ইসলামী ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন খান খবর পান, গিয়াস উদ্দিন অসুস্থ এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। পরে তাঁকে রাতেই গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার বলেন, গিয়াস উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত ব্যক্তির ছোট ভাই মহিউদ্দিন খান বলেন, তাঁর বড় ভাইয়ের সঙ্গে স্ত্রীর বিবাদ চলছিল বেশ কিছু দিন ধরেই। তাঁর ভাই বিভিন্ন সময় তাঁদের ফোনে এসব বিষয় জানিয়েছেন।