ব্যাংক কর্মকর্তার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার নেই
রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকায় গত রোববার সকালে মোটরসাইকেলের আরোহী দুই যুবক সাবেক ব্যাংক কর্মকর্তা কল্পনা সাহাকে চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে রক্ষা পান।
হামলার ঘটনায় কল্পনা সাহা নগরের বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি ছিনতাই মামলা হিসেবে লিপিবদ্ধ করে। ঘটনার পর দুই দিন চলে গেলেও পুলিশ জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
কল্পনা সাহা অগ্রণী ব্যাংকের রাজশাহী জোনাল অফিসের সাবেক মহাব্যবস্থাপক। তিনি পদ্মা আবাসিক এলাকার নারীদের ক্লাব মনস্বিতার সাধারণ সম্পাদক। তাঁর স্বামীর নাম পরিমল চন্দ্র সরকার। তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপপরিচালক। পদ্মা আবাসিক এলাকায় তাঁদের বাড়ি আছে।
পরিমল চন্দ্র সরকার বলেন, রোববার সকাল পৌনে ছয়টার দিকে তিনি ও তাঁর স্ত্রী কল্পনা সাহা একসঙ্গে হাঁটতে বের হন। একপর্যায়ে তাঁর স্ত্রী আরও তিনজন নারীর সঙ্গে আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের দিকে যান। তিনি অন্যদিকে যান। সাড়ে ছয়টার দিকে তিনি চিৎকার শুনতে পান। পরে গিয়ে ঘটনা শোনেন। বাসায় এসে তাঁর স্ত্রী খেয়াল করেন গলার চেইনটি নেই। হামলাকারীরা সেটা নিয়ে গেছে, নাকি অন্য কোথাও পড়ে গেছে, তা তাঁর স্ত্রী মনে করতে পারছেন না।
পরিমল চন্দ্র সরকার আরও বলেন, কল্পনা সাহা ওই তিনজন নারীর সঙ্গে পাশাপাশি হাঁটছিলেন। এ সময় পাশের গলি থেকে একটি মোটরসাইকেলে করে দুজন যুবক এসে তাঁদের পেছনে দাঁড়ান। পেছনে বসা যুবকটি মোটরসাইকেল থেকে নেমে কল্পনা সাহার ঘাড়ে চাপাতি ঠেকান। তখন কল্পনা ও তাঁর সঙ্গের সবাই চিৎকার করেন। আশপাশের বাসা থেকেও লোকজন বেরিয়ে এসে চিৎকার করতে থাকেন। অবস্থা বেগতিক দেখে যুবকেরা মোটরসাইকেলে করে পালিয়ে যান।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন খান গতকাল মঙ্গলবার বলেন, বাদীর বর্ণনা অনুযায়ী এটা ছিনতাইয়ের ঘটনা। তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।