ব্যাংক কর্মকর্তার দগ্ধ লাশ উদ্ধার
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আজ শুক্রবার সকালে রেজাউল করিম (৩৩) নামের এক ব্যাংক কর্মকর্তার দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, পাওনা ছয় লাখ টাকা চাইতে গিয়ে রেজাউল খুন হয়েছেন। এদিকে পুলিশ বলছে, রেজাউলকে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, নাকি আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
জানা গেছে, রেজাউল করিমের বাড়ি বগুড়া সদর উপজেলার বামনপাড়া গ্রামে। তিনি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের আদমদীঘি শাখার সহকারী কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার পাওনা টাকা চাইতে মোটরসাইকেল চালিয়ে তিনি নন্দীগ্রাম উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিল্লুর রহমানে কাছে যান। পরদিন শুক্রবার সকালে নন্দীগ্রাম-শেরপুর সড়কের তোতা রাস্তা নামক স্থান থেকে রেজাউলের আগুনে পোড়ানো মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। সেখানে তাঁর মোটরসাইকেলও পাওয়া যায়নি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ঘটনার পর থেকে সন্দেহভাজন জিল্লুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
রেজাউল করিমের চাচা নুরে আলম বলেন, জিল্লুর রহমানের কাছে রেজাউল করিম ছয় লাখ টাকা পেতেন। দীর্ঘদিন ধরে সেই টাকা দিতে টালবাহানা করছিলেন জিল্লুর। গতকাল সেই পাওনা টাকার জন্য আদমদীঘির কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নন্দীগ্রামে যান রেজাউল। তবে সন্ধ্যার পর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। রাতে বাড়িতে না ফেরায় পরিচিতজনদের কাছে তাঁর খোঁজখবর করা হয়। কেউ খোঁজ দিতে পারেনি। পরে আজ সকালে খবর আসে নন্দীগ্রাম-শেরপুর সড়কে একজনের আগুনে পোড়ানো লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে রেজাউলের ব্যবহৃত পোশাকের অংশ বিশেষ দেখে তা রেজাউলের বলে শনাক্ত করা যায়।
তিনি বলেন, হত্যাকারীরা রেজাউলের মোটরসাইকেলটিও নিয়ে গেছে। ঘটনার পর থেকেই জিল্লুর রহমান লাপাত্তা হয়েছেন। এ কারণে আমাদের সন্দেহ, পাওনা টাকার জন্যই রেজাউলকে হত্যা করে লাশ গুম করতে তা পুড়িয়ে ফেলা হয়েছে।
এ ব্যাপারে জিল্লুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) গাজিউর রহমান বলেন, দাহ্য পদার্থ ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়েছে নাকি হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পরিবারের অভিযোগ আমলে নিয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।