ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের রাজার বাগান কলেজ রোডের সরকার পাড়ায় গত বৃহস্পতিবার রাতে ব্যাংক কর্মকর্তা আবদুল হাকিমের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা হাকিম ও তাঁর স্ত্রী-পুত্রকে কুপিয়ে ১০ ভরি সোনার গয়না ও ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
সাতক্ষীরা সোনালী ব্যাংকার অ্যাকাউন্ট্যান্ট আবদুল হাকিম জানান, বৃহস্পতিবার রাতে প্রধান ফটক ভেঙে ৮-১০ জনের একদল ডাকাত তাঁর বাড়িতে ঢোকে। ডাকাত দলের কাছে পিস্তল, রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল। এ সময় ডাকাতেরা গুলি করার ভয় দেখিয়ে দরজা খুলে দিতে বললে তিনি (হাকিম) দরজা খুলে দেন। পরে তারা টাকা ও স্বর্ণালংকার লুট করতে থাকলে তাঁর স্ত্রী ফিরোজা বেগম (৪৫) ও ছেলে সুমন হোসেন (২৫) বাধা দেন। তাঁদের দুজনকে দা দিয়ে কুপিয়ে জখম করে ১০ ভরি সোনার গয়না ও ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা। এ সময় তাঁকেও বেদম মারধর করা হয়। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
সদরের কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় একের পর এক ডাকাতির ঘটনায় শহরে ডাকাত-আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন কোনো না কোনো বাড়িতে হানা দিচ্ছে রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাতেরা। বাদ যায়নি খ্রিষ্টীয় নববর্ষের প্রথম প্রহরও। ওই রাতে শহরের কাটিয়া সরকারপাড়ায় পাঁচ বাড়িতে ডাকাতির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তারা এক বাড়ি থেকে ১০ হাজার টাকা লুট করে।
এ ছাড়া গত ডিসেম্বর মাসে শহরে আট বাড়িতে ডাকাতি হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলোকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।