ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
অগ্রণী ব্যাংকের বরগুনা শাখার সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও স্বাক্ষর জাল করে ১১ জন গ্রাহকের নামে ২৩ লাখ টাকা ঋণ তুলে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক গত বছরের ২৯ মে ওই সব গ্রাহকের নামে মামলা করেন।
ভুক্তভোগী নয়জন গত ২১ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের বরিশাল আঞ্চলিক মহাব্যবস্থাপকের (জিএম) কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর বরিশাল ও বরগুনা আঞ্চলিক কার্যালয়ের দুজন সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অভিযোগের তদন্ত করেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, বরগুনা শহরের রহিম ইলেকট্রনিকস নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে তাঁরা কাজ করতেন। ২০১০ সালের শুরুর দিকে অগ্রণী ব্যাংক বরগুনা শাখার ব্যবস্থাপক মোক্তার হোসাইন প্রতিষ্ঠানটির মালিক আবদুর রহিমকে প্রতিষ্ঠানের পরিধি বৃদ্ধি ও একটি ব্যাটারির কারখানা স্থাপনের জন্য ছয় কোটি টাকা ঋণ দেওয়ার প্রস্তাব দেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কাগজপত্রও তৈরি করা হয়। এর সূত্র ধরে মোক্তার হোসাইন এক দিন তাঁদের ব্যাংকে ডাকেন এবং ঋণ পাওয়ার সুবিধার্থে কর্মচারীদের বেতন-ভাতা নগদ না নিয়ে ব্যাংক চেকের মাধ্যমে পরিশোধের প্রস্তাব দেন। এ জন্য প্রত্যেকের নামে ভিন্ন ভিন্ন হিসাব খোলার কথা বলেন। এরপর তাঁদের কাছ থেকে একাধিক ফরম ও চেকে আগাম স্বাক্ষর নেন। একই সঙ্গে দুজন কর্মচারীর স্ত্রীদের জাতীয় পরিচয়পত্র চেয়ে নিয়ে তাঁদের স্বাক্ষর জাল করে দুটি হিসাব খোলেন। এরপর ১১ জনের নামেও হিসাব খুলে এর অনুকূলে ২০১০ সালের ১৫ এপ্রিল থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ তোলা হয়। এসব ঋণের জামিনদারও করা হয়েছে তাঁদের।
ভুক্তভোগীরা জানান, সম্পূর্ণ সরল বিশ্বাসে ব্যবস্থাপকের কথায় তাঁরা এ কাজ করেছেন। পরে ২০১৩ সালের শুরুতে মোক্তার হোসাইন বরগুনা থেকে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে পদোন্নতি পেয়ে পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ে বদলি হন। এরপর বর্তমান ব্যবস্থাপক মো. জুলহাস বাদী হয়ে আবদুল্লাহ আল মামুন, আবুল হোসেন, নুরুল হক, মো. শাওন ও আল আমিনের নামে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পৃথক পাঁচটি মামলা করেন। তাঁদের মধ্যে আবুল হোসেন এক মাস ধরে বরগুনা কারাগারে আছেন। আবদুল্লাহ আল মামুনকে আদালত চার মাসের কারাদণ্ড দিয়েছেন। আবার তাঁদের মধ্যে জাকির হোসেন নামের একজনের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায় ও মাহবুবুর রহমানের বাড়ি খুলনা হলেও তাঁদের দুজনের স্থায়ী ঠিকানা বরগুনা শহরের ফরমান আলী সড়ক দেখিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়।
মোক্তার হোসাইন বলেন, ‘বিষয়টি তদন্তাধীন আছে, তাই কোনো মন্তব্য করতে চাই না।’