ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
সিলেটের বিয়ানীবাজারে সজল কান্তি দেব (৪২) নামের এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি যমুনা ব্যাংকের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক ছিলেন।
আজ সোমবার রাত সাড়ে আটটায় বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণবাজারের ভাড়া বাসা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, সজল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার পর সজল কান্তি দেব অফিস থেকে পৌর শহরের দক্ষিণবাজারের আল আরাফা ব্যাংক ভবনের তৃতীয় তলায় তাঁর ভাড়া বাসায় যান। কক্ষের দরজাটি খোলা ছিল। একপর্যায়ে আশপাশের বাসিন্দারা সজলকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তাঁর পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।