ব্যাংক কর্মকর্তার শ্লীলতাহানির অভিযোগে মামলা
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক নারী ব্যাংক কর্মকর্তার শ্লীলতাহানির অভিযোগে গতকাল শনিবার ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে।
এজাহারে ওই নারী কর্মকর্তা উল্লেখ করেন, তিনি উপজেলার একটি বাড়িতে মাদ্রাসাপড়ুয়া একমাত্র ছেলেকে নিয়ে ভাড়া থাকেন। তাঁর স্বামী বিদেশে থাকেন। বিভিন্ন সময়ে তাঁকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন এলাকার সন্ত্রাসী ইলিয়াছ, কামাল হোসেন, পলাশ, রুবেল ওরফে কাইল্লা রুবেল, মোবারক, রতন ও লোকমান। ১৮ অক্টোবর সকালে ওই লোকেরা বাদীর বাড়িতে জোরপূর্বক ঢুকে তাঁর শ্লীলতাহানি করেন। এ সময় ঘরের আসবাব ভাঙচুর করা হয়। প্রায় ছয় ঘণ্টা বাদীকে আটকে রেখে নির্যাতন করা হয়। একপর্যায়ে ঘর থেকে স্বর্ণালংকার, ল্যাপটপ ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া ওই লোকেরা বাড়ির দলিল, পোস্ট অফিসের মেয়াদি আমানতের দুটি জমা বইও নিয়ে নেন। ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।