ব্যাংক কর্মকর্তার হাত ভেঙে দিল সন্ত্রাসীরা
পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলতলা এলাকায় গত শনিবার সন্ধ্যার দিকে পিটিয়ে এক ব্যাংক কর্মকর্তার দুই হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। তাঁকে ওই রাতেই রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।
ওই ব্যাংক কর্মকর্তার নাম মো. সোহেল আকন (২৮)। তিনি একই উপজেলার ছত্রকান্দা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. ওবায়দুল আকনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক গাজীপুর শাখায় কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিদ্যুতের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে ছত্রকান্দা গ্রামের ওবায়দুল আকনের সঙ্গে একই এলাকার মো. খলিলুর রহমানের বিরোধ সৃষ্টি হয়। সোহেল আকন বলেন, জয়গোড়া গ্রামের মো. হোসেন আলী গাজীর কুলখানি ছিল শনিবার। ওই অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে তিনিসহ আরও দুজন বাড়ির উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ছয়টার দিকে তেঁতুলতলা এলাকায় পৌঁছালে মো. খলিলুর রহমান (৬০) ও মো. ইশা হাওলাদারের (২২) নেতৃত্বে ১০-১২ জনের একদল সন্ত্রাসী তাঁদের পথরোধ করে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ওই রাতেই তাঁকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
তবে খলিলুর রহমান ও ইশা হাওলাদার অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. আখতার উজ্জামান বলেন, তাঁর (সোহেল) দুই হাতেরই হাড় ভেঙে গেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।