ব্যাংক কর্মকর্তাসহ তিন ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমরেন্দ্র চন্দ্র দেবনাথ
সমরেন্দ্র চন্দ্র দেবনাথ

সিলেটের দক্ষিণ সুরমায় রেললাইন থেকে গত মঙ্গলবার রাতে মাথা থেঁতলানো অবস্থায় সমরেন্দ্র চন্দ্র দেবনাথ (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গত মঙ্গলবার বিয়ানীবাজার পৌর শহর থেকে নিখোঁজ হন। এদিকে মৌলভীবাজারে ঝুলন্ত অবস্থায় ও ব্রাহ্মণবাড়িয়ায় রেলে কাটা পড়া আরও দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও নিহত ব্যাংক কর্মকর্তার সহকর্মীদের সূত্রে জানা যায়, বিয়ানীবাজার পৌরসভার প্রাইম ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন সমরেন্দ্র চন্দ্র। তাঁর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চান্দগ্রামে। মঙ্গলবার দুপুরে তিনি কিছু টাকা এবং ব্যক্তিগত মুঠোফোনটি এক সহকর্মীর কাছে রেখে বাইরে যান। এরপর আর ফিরে আসেননি।
এ ঘটনায় রাতে ব্যাংকের শাখা ব্যবস্থাপক এ টি এম খায়রুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেন। রাতেই সিলেট রেলওয়ে থানা পুলিশ দক্ষিণ সুরমা উপজেলার পেনারচক এলাকার রেললাইন থেকে মাথা থেঁতলানো অবস্থায় সমরেন্দ্রর লাশ উদ্ধার করে। সমরেন্দ্র পরিবার নিয়ে সিলেট নগরে থাকতেন।
ওসি আবুল কালাম আজাদ বলেন, সিলেট রেলওয়ে থানা একটি অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পাঠালে বিয়ানীবাজার থানা-পুলিশ গিয়ে সমরেন্দ্রকে শনাক্ত করে।
সিলেট রেলওয়ে থানার উপপরিদর্শক বাবুল আখতার বলেন, ‘মঙ্গলবার বিকেলে চলন্ত রেলের সামনে ঝাঁপ দিয়ে ওই ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।’
এদিকে মৌলভীবাজার পৌরসভার ফরেস্ট অফিস সড়কের বাসা থেকে রমাকান্ত সরকার (২০) নামে এক যুবকের লাশ গতকাল বুধবার উদ্ধার করা হয়েছে। তিনি বিধান সরকারের ছেলে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, ঘরের চালের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে রেললাইন থেকে গতকাল দুপুরে আলী হোসেন (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার কামালমোড়া গ্রামের ধন মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানার ওসি নুরুল আমিন আটক যুবকের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে মদ পান করার পর আলী রেললাইনের দিকে চলে যান। পরে হয়তো ট্রেনে কাটা পড়েন তিনি।