ভুয়া কাগজপত্র দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ব্যাংকের এক কর্মকর্তাসহ তিনজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন রূপালী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক এ কে এম লুৎফুল করিম এবং ব্যবসায়ী মাহাবুবুল ইসলাম ও জাকির হোসেন চৌধুরী।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন। আসামিদের মধ্যে জাকির হোসেন চৌধুরী ছাড়া বাকি দুজন পলাতক।
সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত তিন আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে ৩০ লাখ ১২ হাজার ৪৯৮ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন।
সরকারি কৌঁসুলি বলেন, ১৯৯২ সালের ২৩ জুলাই থেকে পরের বছরের ১৪ জুলাই পর্যন্ত সময়ে ভুয়া কাগজপত্র দেখিয়ে আসামিরা পরস্পরের যোগসাজশে রূপালী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ৯০ লাখ ৩৭ হাজার ৩৯৮ টাকা আত্মসাৎ করেন। এই ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক মোল্লা নুরুল ইসলাম কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০২ সালের ২১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।