চট্টগ্রাম বন্দরের ক্রেন সরবরাহের কাজের চুক্তিতে ব্যাংকের জাল গ্যারান্টির ব্যবহার
ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র
চট্টগ্রাম বন্দরের ক্রেন সরবরাহের কাজের চুক্তিতে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংকের জাল পারফরম্যান্স গ্যারান্টির ব্যবহারের মামলায় এক ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন ঢাকার বনানীর ইকম ট্রেড ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর (স্বত্বাধিকারী) মো. রফিকুল ইসলাম ও প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক এবং বর্তমানে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কান্ট্রি ম্যানেজার মো. কামরুজ্জামান।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম অভিযোগপত্রটি আদালতে জমা দেন। অভিযোগপত্রে ১৬ জনকে সাক্ষী রাখা হয়েছে।
দুদক চট্টগ্রামের কোর্ট পরিদর্শক এমরান হোসেন প্রথম আলোকে বলেন, ২০১৩ সালে চট্টগ্রাম বন্দরে ১০ টন ক্ষমতাসম্পন্ন ১০টি মোবাইল ক্রেন সরবরাহের জন্য ২ কোটি ৭৮ লাখ ৬৪ হাজার টাকার ভুয়া ও জাল পারফরম্যান্স গ্যারান্টি জমা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইকম ট্রেড ইন্টারন্যাশনাল। চুক্তির আগে বন্দর কর্তৃপক্ষ পারফরম্যান্স গ্যারান্টি সঠিক আছে কি না—জানতে চাইলে প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখার সে সময়কার ব্যবস্থাপক কামরুজ্জামান তা সঠিক বলে নিশ্চিত করেন।
চট্টগ্রামের কোর্ট পরিদর্শক এমরান হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ার পর ২০১৫ সালের ৫ অক্টোবর দুদক চট্টগ্রামের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে বন্দর থানায় প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে জাল পারফরম্যান্স গ্যারান্টি জমা দেওয়ার অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে গতকাল দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে বলা হয়েছে, তদন্তে দুদক ওই পারফরম্যান্স গ্যারান্টির কোনো তথ্য প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় খুঁজে পায়নি। ঘটনার সময় ইকম ট্রেড ইন্টারন্যাশনালের ব্যাংক হিসেবে উল্লিখিত পরিমাণ টাকাও ছিল না।