ব্যাংক কাউন্টার থেকে ১০ লাখ টাকার বান্ডিল নিয়েই দৌড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের কাউন্টারে টাকার বান্ডিল রেখে জমা দেওয়ার স্লিপ লিখছিলেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর একজন প্রতিনিধি। পাশ থেকে এক ব্যক্তি বললেন, ‘আপনার কিছু টাকা মেঝেতে পড়ে গেছে।’ ওই প্রতিনিধি সেদিকে তাকানোমাত্রই ওই ব্যক্তি ১০ লাখ টাকার একটি বান্ডিল নিয়েই দৌড়ে ব্যাংক থেকে বেরিয়ে পালিয়ে গেলেন।

ন্যাশনাল ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখায় আজ রোববার এ ঘটনা ঘটেছে। ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই সদর থানায় খবর দিলে পুলিশ ব্যাংক থেকে প্রয়োজনীয় তথ্য ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। এ ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরিবেশক হক অ্যান্ড কোম্পানির পরিচালক নাজিবুর রহমান জানান, রোববার দুপুরে কোম্পানির ২৫ লাখ টাকা জমা দিতে তাঁর ম্যানেজার রেজওয়ান আলী শহরের পুরোনো বাজারে ন্যাশনাল ব্যাংকের শাখায় যান। বেলা পৌনে একটার দিকে ক্যাশ কাউন্টারের সামনে জমার স্লিপ লেখার সময় প্রতারক চক্রের এক সদস্য পাশ থেকে বলে, ‘আপনার কিছু টাকা মেঝেতে পড়ে গেছে।’ এ সময় রেজওয়ান আলী মেঝের দিকে তাকালে প্রতারক চক্রের ওই সদস্য ১০ লাখ টাকার একটি বান্ডিল নিয়ে দৌড়ে ব্যাংক থেকে পালিয়ে যায়। পরে ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যায়, এ প্রতারণার কাজে তিন-চারজন জড়িত। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনার পর হক অ্যান্ড কোম্পানির পরিচালক নাজিবুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।