ব্যাংক ডাকাতিতে জড়িত সন্দেহে আরও একজন গ্রেপ্তার
রাজধানীর অদূরে আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য বলে দাবি করেছে।
এর আগে ডাকাতির এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে দাবি করে পুলিশ।
নতুন গ্রেপ্তার করা ব্যক্তির নাম মাহফুজুল ইসলাম (৩৫)। তাঁর বাড়ি জামালপুরের রানাগাছা গ্রামে। গতকাল শনিবার রাতে ঢাকার উত্তর বাড্ডার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসানের ভাষ্য, কাঠগড়া বাজারে বাংলাদেশ কর্মাস ব্যাংকের ভেতরে ঢুকে সরাসরি তিনজন ডাকাতিতে অংশ নেন। আর তিনজন ব্যাংকের বাইরে থেকে তাঁদের সহযোগিতা করেন। বাইরে থাকা তিনজনের মধ্যে মাহফুজুল একজন। মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে চিৎকার করার পর মাহফুজুল তাঁর কাছে থাকা রাইফেল দিয়ে গুলি করতে করতে পালিয়ে যান। নিহত ব্যক্তিদের বেশির ভাগ তাঁর রাইফেলের গুলিতেই মারা যায়।
নাজমুল জানান, উত্তর বাড্ডায় মাহফুজুল তাঁর ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন। তাঁকে ঢাকায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
গত ২১ এপ্রিল রাজধানীর অদূরে আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কর্মাস ব্যাংকে ডাকাতি হয়। এ ঘটনায় এক ডাকাতসহ মোট ৯ জন মারা যায়। ব্যাংকের ব্যবস্থাপক, নিরাপত্তা কর্মী ও এক ব্যবসায়ীকে হত্যা করে টাকা নিয়ে পালানোর সময় ডাকাতেরা জনতার বাধার মুখে পড়েন। এ সময় তাঁরা গুলি করে ও বোমা ছুড়ে পালাতে থাকেন। এতে মারা যান আরও পাঁচজন। জনতা ধাওয়া করে তিন ডাকাতকে ধরে গণপিটুনি দিলে তাঁদের একজন মারা যান। বাকি দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করে জনতা।
পুলিশ জানিয়েছে, পরে কয়েক দফায় ডাকাতিতে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। মাহফুজুলকে নিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো।
গত ৩ মে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার চার ব্যক্তি রিমান্ডে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, তারা আনসারুল্লাহ বাংলা টিমে সক্রিয় সদস্য। সংগঠনের কারাবন্দী নেতাদের জামিনে মুক্ত করতেই অর্থ সংগ্রহের জন্য ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় তারা ডাকাতি করতে যান। আজ একজন নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য বলে নিজেকে দাবি করেছে বলে জানাল পুলিশ।
আরও পড়ুন: