ব্যাংক ডাকাতির ঘটনায় দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘটনার পর পুলিশ ব্যাংকে গিয়ে আলামত সংগ্রহ করেন। ছবিটি গতকাল তুলেছেন জিয়া ইসলাম
ঘটনার পর পুলিশ ব্যাংকে গিয়ে আলামত সংগ্রহ করেন। ছবিটি গতকাল তুলেছেন জিয়া ইসলাম

আশুলিয়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ডাকাতির ঘটনায় আজ বুধবার আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি করেছেন ব্যাংকের ওই শাখার সেকেন্ড অফিসার ফরিদুল হাসান। অন্যটি করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক মো. জাকারিয়া।

ফরিদুল হক তাঁর মামলায় জনগণের হাতে ধরা পড়া সাইফুল ইসলাম ও বোরহান উদ্দিন নামের দুই ডাকাতের নাম উল্লেখ করে ৮-১০ জনকে আসামি করেছেন। আর মো. জাকারিয়া গণপিটুনিতে ডাকাত নিহত হওয়ার ঘটনায় মামলা করেছেন। সেখানে তিনি অজ্ঞাতনামা এলাকাবাসীকে আসামি করেছেন।

এ ছাড়া গতকাল রাতেই পুলিশ চিকিৎসাধীন বোরহানকে নিয়ে গাজীপুরের চন্দ্রা এলাকায় তাঁর বাসায় অভিযান চালায়। তাঁর বাসা থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সাইফুল ও বোরহান একেক সময় একেক রকম তথ্য দিচ্ছেন। এটা কোনো স্বাভাবিক ডাকাতির ঘটনা নয়। এঁরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত—এমন ধারণাই করা হচ্ছে। নাশকতার উদ্দেশ্যেই তাঁরা গতকাল এ ঘটনা ঘটায় বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।

এসপি জানান, সাইফুলের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবির হরেন্দ্রবাজার গ্রামে এবং বোরহানের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার সংকরপাশা গ্রামে। তাঁদের সম্পর্কে এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

ব্যাংকের কর্মী, ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী ও পুলিশের ভাষ্যমতে, গতকাল বেলা আড়াইটার দিকে ব্যাংকটির ভেতরে ঢোকে তিন ডাকাত। অন্য তিনজন ব্যাংকের ফটকে দাঁড়িয়ে ছিল। তাদের কয়েকজনের কাঁধে ব্যাগ ছিল। ব্যাংকে ঢুকেই ডাকাতদের একজন অতর্কিতে ব্যাংকের ফটকে বসে থাকা নিরাপত্তাকর্মী বদরুল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। একই সময় অন্য ডাকাতেরা ব্যবস্থাপক ওয়ালিউল্লাহর কাচঘেরা কক্ষে ঢুকে টেবিলে একটি বোমা রাখে। তারা ব্যবস্থাপকের কাছে চাবি চেয়ে অন্য সবাইকে মেঝেতে শুয়ে পড়তে বলে। ব্যবস্থাপক এ সময় দৌড় দিয়ে বের হতে চাইলে ফটকের কাছেই ডাকাতেরা ব্যবস্থাপককে ধরে এলোপাতাড়ি কুপিয়ে মেঝেতে ফেলে রাখে। এরপর ক্যাশ থেকে টাকা নিয়ে ব্যাগে ভরে বের হওয়ার চেষ্টা করে। ব্যাংকের ভেতরে তারা কয়েকটি ফাঁকা গুলিও ছোড়ে।

এ সময় ডাকাতির খবর পেয়ে ব্যাংকের উল্টোদিকের মসজিদের মাইক থেকে ডাকাতদের প্রতিরোধ করার আহ্বান জানানো হয়। স্থানীয় ব্যবসায়ীসহ শত শত মানুষ তখন ব্যাংকের সামনের রাস্তায় জড়ো হয়। ডাকাতেরা তখনো ব্যাংকের ভেতরে। বের হতেই জনতার প্রতিরোধের মুখে ডাকাতেরা বোমা ফাটিয়ে ও গুলি ছুড়ে তিনটি মোটরসাইকেলে করে পালাতে থাকে। এখানেই গুলিবিদ্ধ হয়ে হতাহতের ঘটনা ঘটে। এরপর জনতা গাড়ি নিয়ে একটি মোটরসাইকেলের পিছু নেয়। তিন ডাকাত মোটরসাইকেলটি নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যেতে থাকে। দেড় কিলোমিটার দূরে আমতলা এলাকায় গাড়ি দিয়ে পেছন থেকে ধাক্কা মেরে মোটরসাইকেল আরোহী ডাকাতদের ফেলে দেয় জনতা। সেখানেও দুটি বোমার বিস্ফোরণ ঘটায় ডাকাতেরা। এরপর সেখানেই একজন ডাকাতকে ধরে ফেলে গণপিটুনি দেয় জনতা। দুজন দৌড়ে পালিয়ে যায়। এদের একজন আড়াগাঁও এলাকায় ধরা পড়ে গণপিটুনিতে নিহত হন। সন্ধ্যার দিকে আরেক ডাকাতকে পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ

ঘটনাস্থল পরিদর্শন

সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেল বলেন, ‘আমাদের তরফ থেকে আশুলিয়া থানায় একটি মামলা করেছি। পুলিশ এখানকার গুরুত্বপূর্ণ আলামত এবং সিসি ক্যামেরায় ভিডিও ফুটজে নিয়ে গেছে। যাঁরা জীবন দিয়ে ডাকাতদের ধাওয়া করেছেন ও ধরেছেন, তাঁদের পরিবারকে পুরস্কৃত করার সুপারিশ করা হবে।’
পরিদর্শক দলে থাকা অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুল হক বলেন, ‘আমি নিরাপত্তা বিষয়সহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেব। যেসব এলাকায় ব্যাংক রয়েছে, সেই সব এলাকায় পুলিশি টহল বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোর সুপারিশ করা হবে।’