ব্যাংক থেকে এক কৃষকের টাকা নিয়ে পালাল প্রতারক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে ব্যাংকে টাকা রাখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক কৃষক। টাকা গুনে দেওয়ার কথা বলে ব্যাংকের ভেতর থেকে দুই প্রতারক তাঁর টাকা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
সাভার মডেল থানার পুলিশ জানায়, ধামরাইয়ের আড়ালিয়া গ্রামের কৃষক আবদুল জলিল ১ লাখ ৪০ হাজার টাকা তাঁর হিসাবে জমা রাখার জন্য গত মঙ্গলবার অগ্রণী ব্যাংক সাভার শাখায় যান। এরপর তিনি জমার রসিদ পূরণে সহায়তা দিতে ওই ব্যাংকে স্বনির্ভর বাংলাদেশের ক্রেডিট ম্যানেজার মাহমুদা খাতুনকে অনুরোধ করেন। একপর্যায়ে টাকা গুনে দেওয়ার কথা বলে মাহমুদা খাতুনের টেবিল থেকেই দুই প্রতারক ৭৬ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে ব্যাংক কর্তৃপক্ষ জলিলের হিসাবে বাকি ৬৪ হাজার জমা করে তাঁকে বিদায় করে দেয়। জলিল গতকাল বুধবার সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা দৃশ্য পর্যালোচনা করে দেখা যায়, আবদুল জলিল মঙ্গলবার বেলা ১১টার দিকে ব্যাংকে ঢুকে মাহমুদা খাতুনের কাছে যান। মাহমুদা তখন টেবিলে বসে কাজ করছিলেন। কয়েক মিনিট পর জলিল মাহমুদার টেবিলের সামনে থাকা চেয়ারে বসেন। ঘণ্টাখানেক বসে থাকার পর দুই ব্যক্তি ব্যাংকে ঢুকে মাহমুদার টেবিলের কাছে যান। তাঁদের একজন সাদা পাঞ্জাবি, অন্যজন প্যান্ট-শার্ট পরা। তাঁরা মাহমুদার সঙ্গে কিছু সময় কথা বলেন। এরপর প্যান্ট-শার্ট পরা ব্যক্তি মাহমুদার টেবিলেই জলিলের টাকা গুনতে থাকেন। একপর্যায়ে পাঞ্জাবি পরা ব্যক্তি জলিলের টাকা নিয়ে চলে যান।
জানতে চাইলে মাহমুদা বলেন, তিনি ওই দুই ব্যক্তিকে চেনেন না। তিনি জলিলের টাকাও গুনে দেননি। তবে জমার রসিদ পূরণ করে অন্য কাউকে দিয়ে টাকা গুনে ব্যাংকে জমা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সিসিটিভি ফুটেজে তাঁর (মাহমুদা) সঙ্গে ওই দুই ব্যক্তির (যাঁরা টাকা নিয়ে গেছেন) কথা বলা এবং জলিলকে তাঁর টেবিলের সামনের চেয়ারে বসিয়ে রাখার কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
যোগাযোগ করা হলে ব্যাংকের ব্যবস্থাপক গোলাম সরোয়ার প্রথমে বলেন, ‘মাহমুদা আমাদের ব্যাংকের লোকই না। আর তিনি জলিলের টাকাও ধরেননি।’ পরে সিসিটিভি ফুটেজ দেখে তিনি বলেন, মাহমুদা স্বনির্ভর বাংলাদেশের ক্রেডিট ম্যানেজার হিসেবে অগ্রণী ব্যাংকে বসে ঋণ বিতরণ এবং আদায় করে তা ব্যাংকে জমা করেন। এসব কাজের জন্য অন্যান্য কর্মকর্তার মতোই ব্যাংকে তাঁর একটি টেবিল ও চেয়ার আছে।
গোলাম সরোয়ার আরও বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায়, দীর্ঘ সময় ধরে তাঁর (মাহমুদা) টেবিলের সামনে জলিলকে বসিয়ে রাখা হয়েছে। এটা সন্দেহজনক।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, ‘জলিলের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হয়। দেখে মনে হয়েছে, প্রতারকদের সঙ্গে মাহমুদার সংশ্লিষ্টতা থাকতে পারে।’