ব্যাংক থেকে গ্রাহকের ৩ লাখ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ অগ্রণী ব্যাংকের শাখা থেকে এক গ্রাহকের তিন লাখ টাকা চুরি হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যাংকের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় প্রতারক চোরদের শনাক্ত করা গেলেও তাঁদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রতারণার শিকার আবদুল মান্নান বলেন, তিনি ব্যাগে করে ছয় লাখ টাকা নিয়ে ব্যাংকে আসেন। এর মধ্যে তিন লাখ টাকা ব্যাংকের কাউন্টারে জমা দেওয়ার সময় পাশে দাঁড়ানো এক ব্যক্তি বলেন, আপনার টাকা পড়ে গেছে। এ সময় তিনি মেঝেতে পড়ে থাকা কয়েকটি ১০০ টাকার নোট কুড়িয়ে তুলে দেখেন তাঁর ব্যাগটি নেই। সঙ্গে সঙ্গে তিনি ব্যাংকের মূল দরজার দিকে দৌড়ে যান। ততক্ষণে ওই চোর পালিয়ে যায়। পরে বিষয়টি ব্যাংকের কর্মকর্তা ও পুলিশকে জানান। এ ব্যাপারে থানায় একটি মামলাও করেছেন। তিনি ধানের ব্যবসা করেন বলে জানান।
সিসি ক্যামেরার ভিডিওচিত্রে দেখা যায়, সাদা শার্ট পরা পাঁচ ব্যক্তি দুপুর ১২টা ১০ মিনিটে ব্যাংকে ঢোকেন। তাঁদের দুজন লোক সোফায় বসে পড়েন। একজন মাথায় সাদা টুপি পরা। অন্য তিনজন পায়চারি করেন। ১২টা ১৩ মিনিটে আবদুল মান্নান লাল ব্যাগ নিয়ে ব্যাংকে ঢোকেন। এরপর তিনি ২ নম্বর কাউন্টারের দিকে এগিয়ে যান। সেখানে তিনি কিছু টাকা বের করে কাউন্টারে জমা দেন। সোয়া ১২টার দিকে দুজন লোক মান্নানের পাশে গিয়ে দাঁড়ায়। তারা মান্নানকে কিছু একটা ইঙ্গিত করে। এরপর মান্নান নিচু হয়ে মেঝে থেকে কিছু টাকা তুলে নেন। এই সময়ের মধ্যে মান্নানের লাল রঙের ব্যাগটি ওই ব্যক্তিদের একজন একটি নীল ব্যাগে ঢুকিয়ে ব্যাংক থেকে সটকে পড়ে।
২ নম্বর কাউন্টারের ব্যাংক কর্মকর্তা সুলতানা নাদিরা বলেন, ওই গ্রাহক তাঁকে তিন লাখ টাকা জমা নিতে বলে টাকা এগিয়ে দেন। এরপর আমি তাঁকে ব্যাংকের ভাউচার দিয়ে টাকা মেশিনে গুনছিলাম। কিছুক্ষণ পর গ্রাহক জানান, তাঁর ব্যাগ নেই।
ব্যাংকের সহকারী উপমহাব্যবস্থাপক আবদুল হানিফ বলেন, ‘আশা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের তাড়াতাড়ি ধরে ফেলবে।’