ব্যাংক থেকে ৯ লাখ টাকা চুরির অভিযোগ
ব্যাংকে টাকা জমা দিতে এসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৬ ব্যাটালিয়নের এক সদস্যের ৮ লাখ ৮১ হাজার টাকা চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সোনালী ব্যাংকের নওগাঁ প্রধান শাখায় এ ঘটনা ঘটে।
বিজিবি ১৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাহমুদ হাসান বলেন, বিজিবি সদস্য আবু হানিফ বেলা ১১টার দিকে ব্যাংকে গিয়ে একটি টেবিলে বসে টাকার ব্যাগটি রেখে জমা দেওয়ার রসিদ পূরণ করছিলেন। এ সময় টাকার ব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজের অস্পষ্টতার কারণে চোরকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এক প্রশ্নের জবাবে মাহমুদ হাসান বলেন, সাধারণত প্রতি মাসের ১ তারিখে বিজিবি সদস্যদের বেতনের টাকা দিয়ে দেওয়া হয়। এ মাসেও ১ তারিখে বেতনের টাকা পেয়ে গতকাল ৩১ জন বিজিবি সদস্যের টাকা জমা দিতে গিয়ে চুরির ঘটনাটি ঘটে।
সোনালী ব্যাংকের কর্মকর্তা একরামুল হক জানান, তাঁর টেবিলে বসে বিজিবির এক সদস্য টাকা জমা দেওয়ার রসিদ পূরণ করছিলেন। কিছুক্ষণ পর তিনি টাকার ব্যাগ খোঁজাখুঁজি শুরু করেন। ওই সদস্য দাবি করেন, তিনি ৮ লাখ ৮১ হাজার টাকা জমা দিতে এসেছিলেন। কিন্তু ব্যাগটি চুরি হয়ে গেছে। শাখা ব্যবস্থাপক এজিএম আরমানুল হাবিব ছুটিতে থাকায় এ বিষয়ে ব্যাংকের অন্য কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁর মুঠোফোনটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।