ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে হয় ঘুষ দিয়ে?
বরগুনার পাথরঘাটা শাখা অগ্রণী ব্যাংকে গ্রাহকদের নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে ঘুষ দিতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকজন গ্রাহক ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর ডাকযোগে লিখিত অভিযোগ দিয়েছেন।
জাকির হোসেন, সেন্টু গাজী, ইসমাইল হোসেন, ইউনুচ শিকদারসহ ওই শাখার বেশ কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে, অগ্রণী ব্যাংকে টাকা তুলতে গেলে টাকা না দিয়ে অনর্থক সময়ক্ষেপণ ও টালবাহানা করা হয়। টাকা নেই বলে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকদের ঘোরাতে থাকেন। প্রতি লাখে ২০০ থেকে ৩০০ টাকা ঘুষ দিলে হয়রানি ছাড়াই টাকা তোলা যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই শাখায় এ অনিয়মসহ ঘুষ-বাণিজ্য চলছে। ইদানীং এ ধরনের অনিয়মই এই শাখায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
শাখার ব্যবস্থাপক সাহা রতন কুমার বলেন, ‘ঘুষ নিয়ে লেনদেনের ঘটনা আমার জানা নেই। তবে এ অভিযোগ নিয়ে সাংসদ মহোদয়ের সঙ্গে বৈঠক হয়েছে। আর এই শাখায় আমি নতুন যোগদান করেছি, তাই উপঢৌকনের ঘটনাটিও আমি অবগত নই।’
ব্যাংকের গ্রাহক ও মৎস্য ব্যবসায়ী আরিফ ইসলাম বলেন, ‘১০ নভেম্বর আমার হিসাবে আট লাখ টাকার টিটি আসে। পরদিন ওই টাকা তুলতে গেলে ক্যাশিয়ার নাসির উদ্দিন প্রতি লাখে ৩০০ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় সারা দিন ঘুরেও টাকা তোলা সম্ভব হয়নি।’
পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকার সমিতির সভাপতি সাফায়েত হোসেন মুন্সি জানান, আড়তদার ও পাইকারি মৎস্য ব্যবসায়ীসহ অন্তত অর্ধশতাধিক মানুষ টাকা তুলতে গিয়ে প্রতিদিন বিড়ম্বনার শিকার হচ্ছেন। বিড়ম্বনা এড়াতে অনেকে বাধ্য হয়ে লাখে ২০০ থেকে ৫০০ টাকা ঘুষ দিয়ে টাকা তোলেন। তা ছাড়া গ্রাহদের সঙ্গে প্রায়ই কর্মকর্তা ও কর্মচারীরা খারাপ ব্যবহার করেন।
পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. চান খাঁ বলেন, মাস দুয়েক আগে ক্যাশিয়ার নাসির উদ্দিনকে ১০টি ইলিশ মাছ উপঢৌকন দিতে হয়েছে। দুটি ইলিশ মাছ কম দেওয়ায় বর্তমানে লাখপ্রতি ঘুষের টাকা ৩০০ থেকে ৫০০ টাকা দাবি করা হচ্ছে। এই ঘুষ-বাণিজ্য থেকে প্রতিকার পেতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বরাবরে ডাকযোগে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করে ক্যাশিয়ার নাসির উদ্দিন বলেন, ব্যাংকটি সম্প্রতি অনলাইন শাখায় রূপান্তরিত হয়েছে। তাই বিকেল চারটার পর আর লেনদেনের কোনো সুযোগ থাকছে না। এতে গ্রাহকেরা ক্ষিপ্ত হয়ে এসব মিথ্যা অভিযোগ করছেন।