ব্যাংক হিসাব স্থানান্তরের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্মসৃজন প্রকল্পের শ্রমিকেরা তাঁদের ব্যাংক হিসাব দূরের একটি ব্যাংকে স্থানান্তর করার প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন করেছেন।
প্রকল্পের কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার গাংগাইল ইউনিয়নের শ্রমিকেরা মজুরির টাকা এত দিন জনতা ব্যাংক নান্দাইল রোড বাজার শাখা থেকে উত্তোলন করতেন। এই ব্যাংকেই ১০ টাকা দিয়ে খোলা শ্রমিকদের ব্যাংক হিসাব রয়েছে। কিন্তু সম্প্রতি গাংগাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান তাঁর ইউনিয়নের কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের ব্যাংক হিসাব জনতা ব্যাংক থেকে সরিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে অগ্রণী ব্যাংক কালীগঞ্জ বাজার শাখায় স্থানান্তর করতে লিখিত আবেদন করেছেন। তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছে ওই লিখিত আবেদন করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, তাঁদের মজুরির অর্থ কৌশলে হাতিয়ে নেওয়ার জন্য হিসাবগুলো এক প্রভাবশালী জনপ্রতিনিধির বাড়ির কাছের ব্যাংকে স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে। এই অপতৎপরতার প্রতিবাদে তাঁরা গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের সামনে নান্দাইল-তাড়াইল সড়কের পাশে মানববন্ধন করেন।
এ বিষয়ে পিআইও এ বি এম সিরাজুল হক প্রথম আলোকে জানান, সংশ্লিষ্ট ব্যাংকের অসহযোগিতার কথা উল্লেখ করে গাংগাইল ইউপি চেয়ারম্যান শ্রমিকদের হিসাবগুলো অগ্রণী ব্যাংকে স্থানান্তরের আবেদন করেছেন।
তবে ব্যাংক ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন এ অভিযোগ অস্বীকার করে জানান, শ্রমিকেরা তাঁর শাখায় ১০ টাকা দিয়ে হিসাবে খুলেছেন। হিসাবের বিপরীতে তাঁদের চেকবই দেওয়া হয়েছে। মাদার অ্যাকাউন্ট (মূল হিসাব) থেকে শ্রমিকদের মজুরির টাকার চেক পাঠানো হলে তিনি শ্রমিকদের হিসাবে অর্থ পাঠিয়ে দেন। এখানে অসহযোগিতার প্রশ্ন উঠছে কোথা থেকে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে শ্রমিকদের অর্থ হাতিয়ে নেন। শ্রমিকদের নিরাপত্তার কারণেই ব্যাংক স্থানান্তরের জন্য আবেদন করি।’