ব্যাংকার, ট্যানারি মালিকসহ গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির আলাদা আলাদা মামলায় ব্যাংকার, ট্যানারি মালিক, সরকারি কর্মকর্তাসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ প্রথম আলোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পরস্পর যোগসাজশে জনৈক গ্রাহকের ডিপিএসের বিপরীতে ঋণ দেখিয়ে ১৯ লাখ ৯৯ হাজার ১৭০ টাকা আত্মসাতের অভিযোগে সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আজই তাঁদের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করে দুদকের উপপরিচালক রেভা হালদার। গ্রেপ্তারকৃতরা হলেন সিটি ব্যাংকের জিন্দাবাজার শাখার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. মুজিবুর রহমান, একই শাখার ক্যাশ ইনচার্জ মো. গিয়াসউদ্দিন এবং সাবেক কাস্টমার সার্ভিস অফিসার মো. সাজ্জাদুর রহমান।

ব্যাংকের ঋণ পরিশোধ না করার মামলায় ট্যানারি ব্যবসায়ী ফজলু মিয়াকে ঢাকার হাজারিবাগ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রুপালী ব্যাংকের হাজারিবাগ শাখা থেকে ১৯৯৮ সালে ব্যবসা পরিচালনার জন্য তিনি ইন্টারন্যাশনাল ট্যানারির নামে ৪ কোটি ১৬ লাখ টাকা ঋণ নেন। ওই সময় বন্ধকি জমির মূল দলিলও জমা দেননি তিনি। ওই ঋণ ফেরত দেওয়ার জন্য ব্যাংকের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হয়, সুদও মওকুফ করা হয়। এমনকি অর্থ ঋণ আদালতে মামলা করে টাকা ফেরত দেওয়ার জন্য রায়ের পরও ব্যাংকের টাকা ফেরত দেননি তিনি। অভিযোগ করা হয়, এ টাকা দিয়ে ঢাকায় একাধিক বহুতল ভবন নির্মাণ করে বিলাসী জীবন-যাপন করছেন। বন্ধকি জমির মূল কাগজপত্র জমা না দেওয়ার সুযোগে অসদুদ্দেশ্যে ব্যাংকের টাকা পরিশোধ না করায় দুদকের পক্ষ থেকে ২০০২ সালে মামলা করা হয়। ওই মামলার তদন্তের অংশ হিসেবে ফজলু মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে সূত্র নিশ্চিত করেছে।

সরকারি জমি নিজের নামে নামজারি করে আত্মসাতের অভিযোগে করা মামলায় ময়মনসিংহ থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোনার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিনয় চন্দ্র সেন ও মো. মনিরুল হক এবং নেত্রকোনার জনৈক বদরুজ্জামান খান ও তাঁর স্ত্রী হোসনে আরা খানম। আজই তাঁদের বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় মামলা করা হয়।