ব্যাংকে জাল নোট জমা দিতে গিয়ে কলেজছাত্র গ্রেপ্তার
উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি ব্যাংকে গতকাল মঙ্গলবার বিকেলে টাকা জমা দিতে গিয়ে সাড়ে নয় লাখ টাকার জাল নোটসহ ইশতিয়াক আহমেদ নামের এক কলেজছাত্র ধরা পড়েছে। সে ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
উত্তরা পূর্ব থানার পুলিশ জানায়, েবলা তিনটার দিকে ইশতিয়াক ৪ নম্বর সেক্টরের রূপালী ব্যাংকের শাখায় সাড়ে নয় লাখ টাকা জমা দিতে যায়। সে ক্যাশ কাউন্টারে গিয়ে বলে, সাড়ে নয় লাখ টাকা নিয়ে এসেছে। জমা রসিদ দিয়ে বলে, ‘টাকাটা তাড়াতাড়ি নজরুল ইসলামের নামে জমা নেন।’ এ সময় টাকার বান্ডিল হাতে নেওয়ার পর ক্যাশিয়ারের সন্দেহ হয়। তিনি বান্ডিলগুলো ওলট-পালট করে দেখেন সবগুলোই জাল নোট। এ সময় তিনি ইশতিয়াককে আটকে রেখে উত্তরা থানায় ফোন করেন। পরে পুলিশ এসে ইশতিয়াককে গ্রেপ্তার এবং জাল নোটের বান্ডিলগুলো জব্দ করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায়। ইশতিয়াক ও নজরুল ইসলামের বিরুদ্ধে উত্তরা পূব৴ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে ইশতিয়াক দাবি করে, নজরুল ইসলামের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই নজরুল তাকে ব্যাংকে টাকা জমা দিতে পাঠিয়েছিলেন। নজরুল নবাব হাবিবুল্লাহ কলেজের শিক্ষক ছিলেন। জাল সনদে শিক্ষকতার চাকরি নিয়েছিলেন। পরে কলেজ কর্তৃপক্ষ তাঁকে চাকরিচ্যুত করে।