ব্যাংকে জালিয়াতি করতে গিয়ে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া সিল ও ব্যাংক কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। গত সোমবার জালিয়াতি করার সময় ব্যাংকের লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
গ্রেপ্তার ব্যক্তি হলেন বাছেদ হোসেন ওরফে বিপ্লব (২৩)। তিনি বিরামপুর পৌর শহরের কৃষ্টচাঁদপুর গ্রামের বাসিন্দা। সোমবার বিরামপুর সোনালী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে তিন লাখ টাকা পাঠাতে গিয়ে ধরা পড়েন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি এই জালিয়াতি করছেন বলে জানা যায়।
ওই দিন সন্ধ্যায় ব্যাংকের কর্মকর্তা (ক্যাশ) আবুল কাশেম বাদী হয়ে বিরামপুর থানায় মামলা করেন।
বিরামপুর থানায় বাছেদ জানান, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত তিনি বিরামপুরের অগ্রণী ব্যাংক শাখায় টি-বয় হিসেবে কাজ করতেন। এই সময় টাকা লেনদেনের বিভিন্ন নিয়মকানুন রপ্ত করেন। এরপর থেকেই কর্মকর্তাদের ব্যস্ততার সুযোগ কাজে লাগিয়ে জালিয়াতির মাধ্যমে টাকা পাঠাতে শুরু করেন। গাইবান্ধা, ফুলবাড়ী, বিরামপুরসহ বিভিন্ন জায়গায় সোনালী, জনতা, অগ্রণী ও ইসলামী ব্যাংকে ভুয়া ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খোলেন তিনি।
জালিয়াতির জন্য প্রথমে তিনি টিটি করার জন্য ফরম তুলে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিয়ে সেখানে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের স্বাক্ষর নিতেন। এরপর ব্যাংকে গ্রাহকদের ভিড় বাড়লেই তিনি অন্য আরেকটি ফরম নিয়ে তাতে টাকার পরিমাণ বাড়িয়ে দিতেন। এরপর সেখানে ভুয়া সিল ও স্বাক্ষর দিয়ে ব্যাংকের ক্যাশের দায়িত্বে থাকা কর্মকর্তাকে অন্য অ্যাকাউন্টে পাঠাতে বলতেন। পরে ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার একই কাজ করতে গেলে ফরমে থাকা স্বাক্ষরটি দেখে ক্যাশের কর্মকর্তা আবুল কাশেমের সন্দেহ হয়। তিনি এ বিষয়ে জানতে চাইলে বাছেদ দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ব্যাংকে থাকা সবাই তাঁকে ধরে ফেলেন।
এর আগে গত ৪ মে ফুলবাড়ী সোনালী ব্যাংক শাখা থেকে একই কৌশলে দুই লাখ টাকা নবাবগঞ্জের আফতাবগঞ্জ শাখায় পাঠিয়ে সেটি আত্মসাৎ করেন বাছেদ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, এসব টাকা দিয়ে বাছেদ চট্টগ্রামে ইয়াবা ব্যবসা করতেন। রাতে তাঁকে জিজ্ঞাসাবাদ ও পরে তাঁকে নিয়ে বাড়ি তল্লাশি করলে চট্টগ্রামের আরিফ নামের এক ব্যক্তির সঙ্গে বাছেদের ইয়াবা ব্যবসার প্রমাণ পাওয়া যায়। গত ৮ জানুয়ারি তিনি বিরামপুর ইসলামী ব্যাংক শাখা থেকে চট্টগ্রামের চকবাজার ইসলামী ব্যাংক শাখায় ৬০ হাজার টাকাও পাঠান। বাছেদের সঙ্গে একজন নারীসহ কয়েকজন যুবক জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আমিরুজ্জামান।