ব্যাংকে ব্যবসায়ীর ৬ লাখ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা সদরে একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় গতকাল রোববার দুপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে দুর্বৃত্তরা প্রতারণা করে ছয় লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। ওই ব্যবসায়ীর নাম আবদুল জব্বার। তাঁর বাড়ি উপজেলার মানিকদহ গ্রামে। তিনি ইটভাটার ব্যবসা করেন।
ওই ব্যবসায়ী ও পুলিশ জানায়, জব্বার গতকাল দুপুর ১২টার দিকে পূবালী ব্যাংকের উপজেলা শাখায় ছয় লাখ টাকা জমা দিতে ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়ান। এ সময় তিনজন অপরিচিত লোক তাঁর পাশে এসে দাঁড়ান। জব্বার টাকা জমার দেওয়ার রসিদ লেখার সময় অপরিচিতদের মধ্যে একজন তাঁর পায়ের কাছে ১০০ টাকার একটি নোট ফেলে দেন। ওই লোকটি জব্বারকে জানান, তাঁর টাকা পড়ে গেছে। জব্বার ওই টাকা তুলতে গেলে ছয় লাখ টাকাসহ তাঁর ব্যাগটি চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, এ ব্যাপারে ওই ব্যবসায়ী থানায় একটি মামলা করেছেন। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিওচিত্র দেখে টাকা চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।