ব্যাংকের কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলায় গতকাল রোববার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা আরিফুর রহমানের (৩০) কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরপাড়া-হাটকরমজা সড়কের ঠাকুরপাড়া (বুড়ামেলা) সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আরিফুরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরিফুর রহমান গ্রামীণ ব্যাংকের উপজেলার জোড়গাছা ইউনিয়নের হাটকরমজা শাখার জ্যেষ্ঠ কেন্দ্র ব্যবস্থাপক।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে উপজেলার চরপাড়া ও গোসাইবাড়ি এলাকার গ্রামীণ ব্যাংকের সদস্যদের কাছ থেকে সঞ্চয় ও ঋণের টাকা সংগ্রহ করেন আরিফুর রহমান। দুপুর ১২টার দিকে তিনি ব্যাংকের হাটকরমজা শাখার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে চরপাড়া-হাটকরমজা সড়কের ঠাকুরপাড়া (বুড়ামেলা) সেতুর কাছে ছয়-সাতজনের একটি দল তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাঁকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে টাকাসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে আরিফুরের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গ্রামীণ ব্যাংকের হাটকরমজা শাখার ব্যবস্থাপক সাজেদুল ইসলাম বলেন, আরিফুর রহমানের কাছে ঋণ ও সঞ্চয় আদায়ের প্রায় দেড় লাখ টাকা ছিল। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সব টাকা নিয়ে গেছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে।