চট্টগ্রামের সীতাকুণ্ডে পূবালী ব্যাংকের গাড়ি থেকে সাড়ে ৫০ লাখ টাকা ‘খোয়া’ গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের সীতাকুণ্ড শাখার কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানান। বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহ ও বিতরণ করার কাজে ব্যবহার করা ব্যাংকের নিজস্ব গাড়িতে ওই টাকা ছিল।
টাকা খোয়া যাওয়ার ঘটনায় পূবালী ব্যাংকের চট্টগ্রাম সিডিএ করপোরেট শাখার কর্মকর্তা (জুনিয়র অফিসার-ক্যাশ) রাজিবুর রহমান, ব্যাংকের নিরাপত্তারক্ষী মো. আশিকুর রহমান, তানজুর রহমান, মাজহারুল ইসলাম ও গাড়িচালক বিজয় কুমার দাশকে গতকাল রাতে সীতাকুণ্ড থানায় জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ব্যাংক কর্মকর্তা রাজিবুর রহমান চট্টগ্রাম নগরের শেখ মুজিব রোড শাখা থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করে তিন নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে সীতাকুণ্ড শাখায় যান। এই শাখা থেকে আরও ৮১ লাখ টাকা সংগ্রহ করে তিনি চট্টগ্রাম নগরের সিডিএ করপোরেট শাখার উদ্দেশে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর চালক তাঁকে জানান যে গাড়ির পেছনের ডালাটি খোলা। এ সময় তিনি দেখেন, গাড়িতে থাকা একটি বস্তা নেই। এই বস্তায় ৫০ লাখ ৫০ হাজার টাকা ছিল। সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে সীতাকুণ্ড শাখায় ফিরে যান তাঁরা। শাখার ব্যবস্থাপক আবদুস সবুর মিয়াকে টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানান। ব্যবস্থাপক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে গতকাল বিকেলে পাঁচজনকেই সীতাকুণ্ড থানায় নিয়ে যান।
সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক আবদুস সবুর মিয়া প্রথম আলোকে বলেন, নিয়মানুসারে টাকা বহনকারী গাড়ি থেকে কোনো শাখায় টাকা সংগ্রহ কিংবা বিতরণ করার সময় দায়িত্বরত অফিসার (ক্যাশ) একজন নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে ব্যাংকে উঠবেন এবং দুই নিরাপত্তারক্ষীকে গাড়িতে রেখে যাবেন। কিন্তু গতকাল রাজিবুর রহমান একজন নিরাপত্তারক্ষীকে নিয়ে ব্যাংক শাখায় প্রবেশ করলেও রহস্যজনকভাবে গাড়িতে ছিলেন এক নিরাপত্তারক্ষী।
জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, গাড়ির পেছনের ডালা খোলা হলেও টাকার বস্তা পেছনে পড়ে যাওয়া কিংবা তা কেউ নিয়ে যাওয়ার সুযোগ নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িতে থাকা লোকজনই টাকা খোয়া যাওয়ার ঘটনায় জড়িত। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।