ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতি করে ব্র্যাক ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় গত বৃহস্পতিবার পুলিশ এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে। একই ঘটনায় ব্যাংকটির এক সাবেক কর্মকর্তাসহ আরও তিনজন পলাতক রয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন দিলরুবা ও রমজান আলী। পলাতক ব্যক্তিরা হলেন ব্যাংকের করপোরেট ব্যাংকিং ডিভিশনের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার মো. মাহমুদুল হক, তাঁর ভাই এহতেশামুল হক এবং গ্রেপ্তার দিলরুবার স্বামী মো. দেলোয়ার হোসেন।
গতকাল শুক্রবার পুলিশ দিলরুবা ও রমজানকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে। আদালত জিজ্ঞাসাবাদের জন্য রমজানের দুদিনের ও দিলরুবার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ব্র্যাক ব্যাংকের আইন শাখার কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান গত বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি করেন। মামলায় বলা হয়েছে, মাহমুদুল হক ভুয়া ব্যাংক স্টেটমেন্ট ও নির্দেশপত্র তৈরি করে দিলরুবা, রমজান আলী, এহতেশামুল হক ও দেলোয়ার হোসেনের সহায়তায় র্যাং গস মোটরস লিমিটেডের একটি অ্যাকাউন্ট থেকে দিলরুবার অ্যাকাউন্টে ৯ কোটি ৬২ লাখ ৪৩ টাকা ৬৫ পয়সা স্থানান্তর করে আত্মসাৎ করেন।
ব্র্যাক ব্যাংকের আইনজীবী মো. রশীদ আহমেদ প্রথম আলোকে বলেন, মাহমুদুল হক গত মাসে ব্যাংকের চাকরি ছেড়ে দেন। এরপর ব্যাংকের নজরে বিষয়টি আসে। তিনি বলেন, মাহমুদুল, রমজান ও দেলোয়ার ছোটবেলার বন্ধু। টাকা দিলরুবার অ্যাকাউন্টে স্থানান্তরের পর তাঁরা সবাই মিলে তা তুলে নিয়ে গেছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।