ব্যাংকের টাকা উঠানে পুঁতে রেখেছিলেন তিনি!
ফরিদপুর রূপালী ব্যাংক শাখার প্রধান ফটক তালাবদ্ধ ছিল, তালাবদ্ধ ছিল কলাপসিবল গেটও। নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আনসার সদস্য ব্যাংক ভবনের ভেতরে শুয়ে ছিলেন। এর মধ্যেই ব্যাংকের ভল্ট থেকে উধাও হয় ১ কোটি সাড়ে ৫৭ লাখ টাকা।
পরে ক্যাশ সহকারী আবুল কালামের (৪৮) গ্রামের বাড়ি থেকে ১ কোটি ২২ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। বাকি টাকা কালাম তাঁর ব্যাংক হিসাবে রেখেছেন বলে স্বীকার করেন।
ফরিদপুর শহরের নীলটুলী মহল্লার একটি সুপার মার্কেটের দোতলায় অবস্থিত রূপালী ব্যাংকের ফরিদপুর শাখা। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে গতকাল রোববার ব্যাংক খোলার পর বিষয়টি জানাজানি হয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে পাঁচজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ওই পাঁচজনের একজন আবুল কালাম জিজ্ঞাসাবাদে টাকা চুরির কথা স্বীকার করেন। ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার জানান, টাকাগুলো আবুল কালামের গ্রামের বাড়ি সদর উপজেলার ঘনশ্যামপুর থেকে উদ্ধার করা হয়। টাকাগুলো একটি ছোট আকারের ড্রামের মধ্যে ভরে উঠানের মাটিতে পুঁতে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি ২২ লাখ।
ওসি আরও জানান, কালাম স্বীকার করেছেন যে বাকি টাকা তিনি নিজের ব্যাংক হিসাবে রেখেছেন। টাকা উদ্ধারের সময় রূপালী ব্যংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবুল কালাম জানান, ব্যাংকের নৈশপ্রহরীর সহায়তায় টাকাগুলো চুরি করেন তিনি। কিছু টাকা নিজস্ব ব্যাংক হিসাবে রেখেছেন। তিনি সেই টাকাগুলো ফেরত দেবেন বলেও জানান।
রূপালী ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক খান শহীদুল ইসলাম বলেন, ব্যাংকের টাকা চুরির কথা শোনার পর ঢাকা থেকে মহাব্যবস্থাপক (জিএম) আবদুল মজিদ শেখের নেতৃত্বে চারজন কর্মকর্তা ফরিদপুরে এসেছেন। তাঁদের সঙ্গে পরামর্শ করে আবুল কালামকে আসামি করে মামলা হবে।
পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অন্যান্য দিনের মতোই গতকাল সকাল সাড়ে নয়টার মধ্যে ব্যবস্থাপক খান শহীদুল ইসলামসহ অন্য কর্মীরা ব্যাংকে হাজির হন। লেনদেন শুরু হওয়ার আগে ব্যবস্থাপক ভল্ট খুলতে যান। তিনি পুলিশকে জানিয়েছেন, ভল্ট খুলতে গিয়ে তিনি দেখেন ভল্টের আলমারি খোলা, শুধু দরজা ভেজানো। দরজা ঠেলে দেখেন ভল্টও খোলা। ভেতরে কোনো টাকা নেই।
খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাকসহ পদস্থ কর্মকর্তারা সেখানে হাজির হন। পুলিশ ব্যাংকের যাবতীয় হিসাব জব্দ করে। জিজ্ঞাসাবাদের জন্য একজন অফিস সহকারী, একজন নৈশপ্রহরী ও তিনজন আনসার সদস্যকে আটক করে পুলিশ।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, ওই ঘটনার পর ব্যাংকের যাবতীয় হিসাব জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।