ব্যাংকের তিন ব্যবস্থাপকের কাছে চাঁদা দাবি
যশোরের কেশবপুরের তিনটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপকের কাছে চরমপন্থী সংগঠনের নামে মুঠোফোনের মাধ্যমে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপকেরা কেশবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, অগ্রণী ব্যাংক কেশবপুর শাখার ব্যবস্থাপক শফিউদ্দীনের কাছে গত বুধবার বেলা দুইটা ৩৫ মিনিটে ০১৯৪২৫১৭০৯৫ মুঠোফোন নম্বর থেকে কল আসে। ফোন ধরার পর এক ব্যক্তি নিজেকে রফিকুল ইসলাম বলে পরিচয় দেন। একই সঙ্গে নিজেকে চরমপন্থী সংগঠন জনযুদ্ধের নেতা এবং ডাকাত সর্দার পরিচয় দিয়ে তাঁদের সংগঠনের অনেক নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়ে অসুস্থ আছেন এবং অনেকে জেলখানায় আছেন বলে জানান। এ জন্য তাঁদের ৩৫ লাখ টাকা দরকার বলে চাঁদা দাবি করা হয়। শফিউদ্দীন চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
একইভাবে অগ্রণী ব্যাংক প্রতাপপুর শাখার ব্যবস্থাপক গোপাল চৌধুরীর কাছে দুপুর সাড়ে ১২টার দিকে একই মুঠোফোন থেকে ১৫ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
সোনালী ব্যাংক কেশবপুর শাখার ব্যবস্থাপক শংকর কুমার দত্তের কাছে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৬ মিনিটে ০১৯৬৯৪৭২৬১৯ নম্বর থেকে জনযুদ্ধের নামে ৩৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিকেলে প্রথম আলোকে বলেন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকদের পক্ষ থেকে বুধবার রাতে জিডি করা হয়েছে। সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জিডি করার প্রস্তুতি নিচ্ছেন।