ব্যাংকের দেয়াল কেটে দুই কোটি টাকা চুরি!
দেয়াল কেটে ব্যাংকের ভেতরে ঢুকে প্রায় দুই কোটি টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ব্র্যাক ব্যাংকের জয়পুরহাট শাখায় ঘটেছে এ ঘটনা। রহস্যজনক এ চুরির ঘটনার পর র্যাব ব্যাংকটির দুই নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
জয়পুরহাট শহরের প্রধান রাস্তার উত্তর পাশের শাহজাহান ম্যানশনের দ্বিতীয় তলায় অবস্থিত ব্র্যাক ব্যাংকের শাখাটি। গত শুক্রবার রাতের কোনো এক সময়ে ওই চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ব্যাংক ও পুলিশের কর্মকর্তারা।
ঘটনাস্থলে গিয়ে এবং ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহজাহান ম্যানশনের পূর্ব পাশে অবস্থিত মৌসুমী মার্কেট। দুর্বৃত্তরা ওই মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে ঢুকে ব্যাংকের পূর্ব পাশের পাঁচ ইঞ্চি ইটের দেয়াল কেটে ফেলে। এরপর তারা ব্যাংকের ভেতরে ঢুকে ব্যাংকের ভল্টে রক্ষিত এক কোটি ৯৫ লাখ টাকা নিয়ে যায়। দুর্বৃত্তরা ব্যাংকের সিসি ক্যামেরার তার কেটে দিয়ে ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে গেছে। এ ছাড়া ব্যাংক কার্যালয়ের দেয়ালে থাকা সতর্কসংকেত যন্ত্রটিও খুলে নষ্ট করে ফেলা হয়েছে।
ব্র্যাক ব্যাংকের ওই শাখার সহকারী ব্যবস্থাপক শওকত হোসেন জানান, গতকাল ছুটির দিন হলেও তিনি একটি কাজে সকাল ১০টার দিকে কার্যালয়ে আসেন। এসে দেখতে পান, ব্যাংকের পূর্বদিকের দেয়ালটি কাটা। বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি মুঠোফোনে স্থানীয় পুলিশ প্রশাসন ও রাজশাহীতে অবস্থানরত ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফজলে রাব্বী চৌধুরীকে অবগত করেন। এর কিছুক্ষণ পরই জয়পুরহাট পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে আসেন। আর শাখা ব্যবস্থাপক আসেন দুপুরের পর।
শাখা ব্যবস্থাপকের ভাষ্যমতে, ব্যাংকের ভল্টে এক কোটি ৯৫ লাখ টাকা রাখা ছিল। আজ রোববারের লেনদেনের জন্য ব্যাংকেই ওই পরিমাণ টাকা রাখা হয়েছিল। এ ঘটনায় তিনি জয়পুরহাট সদর থানায় মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ।
এদিকে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয় ব্যক্তিরা। মৌসুমী মার্কেটের একাধিক দোকানি নাম প্রকাশ না করার শর্তে জানান, এখন ঈদের সময় হওয়ায় সকাল নয়টা থেকে রাত ১১টা পর্যন্ত অনেক দোকান খোলা থাকে। আবার ব্যাংকের নৈশপ্রহরীও রয়েছেন। এই অবস্থায় দেয়াল কেটে ব্যাংকের টাকা চুরির ঘটনাটি তাঁদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।
চুরির জন্য মৌসুমী মার্কেটের যে কক্ষটি ব্যবহার করা হয়েছে, সেটির ভাড়াটেকে ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। মার্কেটের মালিক কে এম লায়েক আলীর ছেলে কে এম মাজেদুল ইসলাম জানান, ১১ সেপ্টেম্বর মাসিক ছয় হাজার টাকা ভাড়ায় কোর বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থাকে (এনজিও) কক্ষটি ভাড়া দেওয়া হয়। ভাড়াটিয়ার বাড়ি ঢাকায় বলে তাঁদের জানানো হয়। আজ রোববার ভাড়ার চুক্তিনামা হওয়ার কথা ছিল। চুরির ঘটনার পর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে ঘটনাস্থলে আসা জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মান্নান জানান, দেখে মনে হয়েছে, দুর্বৃত্তরা চাবি দিয়ে ব্যাংকের ভল্ট খুলেছে। ভল্ট ভাঙার কোনো আলামত প্রাথমিকভাবে পাওয়া যায়নি। মৌসুমী মার্কেটের ওই ভাড়াটিয়াকে গ্রেপ্তার হলে, ব্যাংকের কেউ এতে জড়িত কি না, তা জানা যাবে।
পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক বলেন, পুলিশের গোয়েন্দা সংস্থা ও র্যাবের সদস্যরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছেন। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুর রহিম বলেন, ঘটনার পর ব্যাংকের নৈশপ্রহরী হেলাল ও ফারুককে র্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।