ব্যাংকের ভল্ট থেকে ৪৫ লাখ টাকা খোয়া, কর্মচারী গ্রেপ্তার
ইস্টার্ন ব্যাংকের গুলশান শাখার ভল্ট থেকে গতকাল মঙ্গলবার দুপুরে ৪৫ লাখ টাকা নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ওই ব্যাংকেরই কর্মচারী মো. ফারুকের বিরুদ্ধে। এই ঘটনার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও টাকা উদ্ধার করতে পারেনি।
গুলশান থানার পুলিশ বলেছে, ফারুক ইস্টার্ন ব্যাংকের গুলশান শাখায় বার্তাবাহক হিসেবে কাজ করেন। গতকাল দুপুরে সুযোগ বুঝে তিনি চাবি দিয়ে ব্যাংকের ভল্ট খুলে সেখান থেকে ৪৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে আটক করে গুলশান থানায় সোপর্দ করেছে। রাতে তাঁর বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক সূত্রে জানা গেছে, ফারুক টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর ব্যাংকে থাকা তাঁর জীবন বৃত্তান্তের সূত্র ধরে খুঁজে তাঁকে আটক করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে ফারুক ভল্ট থেকে ৪৫ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, ওই টাকাগুলো পরিচিত এক ব্যক্তির কাছে দিয়েছেন। ফারুক সেই ব্যক্তির যে মোবাইল নম্বর পুলিশকে দিয়েছেন, তা বন্ধ রয়েছে।