ব্যাংকের ভল্ট থেকে ৪৫ লাখ টাকা চুরির অভিযোগ, কর্মী আটক
ইস্টার্ন ব্যাংকের গুলশান শাখার ভল্ট থেকে গতকাল মঙ্গলবার দুপুরে ৪৫ লাখ টাকা নিয়ে পালিয়েছিলেন ব্যাংকটির কর্মী মো. ফারুক। পরে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হলেও রাত পর্যন্ত ওই টাকা উদ্ধার হয়নি।
গুলশান থানার পুলিশ বলেছে, ফারুক ইস্টার্ন ব্যাংকের গুলশান শাখায় বার্তাবাহক হিসেবে (আউটসোর্সিং) কাজ করেন। গতকাল দুপুরে সুযোগ বুঝে তিনি চাবি দিয়ে ব্যাংকের ভল্ট খুলে ৪৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে আটক করে গুলশান থানায় সোপর্দ করে। রাতে ব্যাংকের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে গুলশান থানায় চুরির মামলা করা হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, ফারুক টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর ব্যাংকে থাকা তাঁর জীবনবৃত্তান্তের সূত্র ধরে তাঁকে খুঁজে আটক করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক ভল্ট থেকে ৪৫ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি পুলিশকে বলেছেন, ওই টাকাগুলো তিনি তাঁর পরিচিত এক ব্যক্তির কাছে দিয়েছেন। তবে ওই ব্যক্তির নাম তিনি জানেন না, তাঁর মোবাইল নম্বর তাঁর কাছে আছে। তবে কথিত ওই নম্বর নিয়ে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া গেছে বলে জানান ওসি।