ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, গণপিটুনিতে যুবকের মৃত্যু
রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ভল্ট ভাঙার চেষ্টার অভিযোগে শিক্ষার্থী-কর্মচারীদের গণপিটুনিতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যায়।
নিহত ওই যুবকের নাম রাসেল আলী ওরফে মাসুদ (৩০)। তিনি ঝালকাঠির চরসাঙ্গর গ্রামের বাসিন্দা।
নগরের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ভূঁইয়া বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। লাশ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। রাসেলের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তিনি বলেন, এর আগে মেডিকেল কলেজের একাডেমিক কর্মকর্তা কামারুজ্জামান বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেছিলেন। এখন একটি হত্যা মামলা দায়ের করা হবে।
ওসি বলেন, গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালের নওদাপাড়া শাখার চতুর্থ তলায় জানালার গ্রিল কেটে হিসাব শাখায় ঢোকে তিন দুর্বৃত্ত। ভল্টের তালা ভাঙার সময় হাসপাতালের প্রহরী হাবিবুর রহমান এগিয়ে গেলে তাঁর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করলে হাবিবের চিৎকারে অন্য প্রহরী ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এসে রাসেলকে আটক করে পিটুনি দেন। তবে অন্য দুজন পালিয়ে যায়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করে।