ব্যাংকের ভেতর থেকে অভিনব কায়দায় টাকা নিয়ে চম্পট
পূবালী ব্যাংক কুমিল্লা নগরের চকবাজার শাখা থেকে অভিনব কায়দায় এক নারী গ্রাহকের প্রায় সাড়ে ছয় লাখ টাকা নিয়ে গেছে প্রতারক দল। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ব্যাংকের ক্যাশ কাউন্টারে এ ঘটনা ঘটে। এ সময় ওই নারীর স্বামী আবদুল মতিন চিত্কার করলেও কেউ এগিয়ে আসেনি। তাঁর চোখের সামনে থেকেই ব্যাগভর্তি ওই টাকা নিয়ে তিন প্রতারক পালিয়ে যায়।
ব্যাংকের ২০০ গজের মধ্যেই চকবাজার পুলিশ ফাঁড়ি। এ ঘটনায় ওই গ্রাহকের স্বামী আবদুল মতিন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পূবালী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক মো. ইউসুফ ফারুক বলেন, ‘আমাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো দুর্বলতা ছিল না। প্রতারকেরা কৌশলে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।’
থানায় দায়ের করা অভিযোগ ও ব্যাংক সূত্রে জানা গেছে, দেবীদ্বার উপজেলার মুগশাইর সরকারবাড়ির বাসিন্দা নাজনীন বেগম (৪৫) গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পূবালী ব্যাংক চকবাজার শাখায় টাকা জমা দিতে যান। এ সময় তাঁর সঙ্গে ৬ লাখ ৪০ হাজার টাকা ছিল। তাঁর স্বামী আবদুল মতিনও সঙ্গে ছিলেন। কাউন্টারের সামনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। এ সময় প্রতারক দলের সদস্যরা নাজনীনের পায়ের কাছে কিছু টাকা ফেলে দেয়। টাকা নিচে পড়ে গেছে বলে নাজনীন ও মতিনের দৃষ্টি আকর্ষণ করে। তাঁরা দুজন টাকা তুলতে মেঝেতে বসলে প্রতারকচক্র কাউন্টারের সামনে রাখা টাকাভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। এ সময় মতিন চিত্কার দিলেও কেউ এগিয়ে আসেনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, টাকা উদ্ধার ও প্রতারক চক্রকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।