ব্যাংকের ভেতর থেকে কৌশলে লাখ টাকা চুরি
সুনামগঞ্জ পৌর শহরে ইসলামী ব্যাংকের ভেতর থেকে গতকাল বুধবার সকালে গ্রাহকের এক লাখ টাকা চুরি হয়েছে। চোরেরা অভিনব কৌশলে এই টাকা নিয়ে যায়। ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের ধরার চেষ্টা করছে পুলিশ।
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাহবুবুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে তিনি এক লাখ টাকা জমা দিতে ওই ব্যাংকে যান। ব্যাংকে ভিড় থাকায় তিনি টাকা জমা দিতে কাউন্টারের সামনের সারিতে দাঁড়ান। একপর্যায়ে তিনি টাকাগুলো কাউন্টারের ভেতরে কর্মকর্তার হাতে দেওয়ার জন্য রাখেন। এ সময় পাশে থাকা এক ব্যক্তি মাহবুবকে বলেন, তাঁর পায়ের কাছে কিছু টাকা পড়ে আছে। মাহবুব সেই টাকা তুলতে মাথা নিচু করলে এই সুযোগে কাউন্টারের ওপরে রাখা তাঁর এক লাখ টাকা নিয়ে ওই ব্যক্তি উধাও হয়ে যান। পরে তিনি বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপককে জানান।
মাহবুবুল ইসলাম বলেন, ‘ফ্লোরে ৩৯০ টাকা ফেলা ছিল। এগুলো আমার নয়। আমি টাকাগুলো তুলে ওপরে রাখতে চেয়েছিলাম। কিন্তু নিচ থেকে টাকা নিয়ে দাঁড়ানোর পর দেখি ওপরে রাখা আমার এক লাখ টাকা নেই।’ ব্যাংকের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ওই গ্রাহক টাকা কাউন্টারে কর্মকর্তার হাতে দেননি। এর আগেই তাঁর টাকা খোয়া যায়। বিষয়টি জানার পর পুলিশকে খবর দেন তাঁরা।
সুনামগঞ্জ সদর থানার ওসি বলেন, ‘ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধারণা করছি চুরির সঙ্গে তিন-চারজন জড়িত আছে। তাঁদের শনাক্ত করে ধরার চেষ্টা চলছে।’