ব্যাংকের ভেতরে গ্রাহক ছিনতাইয়ের কবলে
মাগুরা শহরের এমআর রোডে ব্র্যাক ব্যাংকে ছেলের কাছে টাকা পাঠাতে এসে এক গ্রাহক ব্যাংকের ভেতর ছিনতাইকারীর কবলে পড়েন। তবে ওই ছিনতাইকারী নজরুল ইসলামকে আটক করেন ব্যাংকের অন্য গ্রাহকেরা ও নিরাপত্তারক্ষী। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটক নজরুল খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশের ধারণা, তাঁর বয়স ৪৫ বছরের মতো।
পুলিশ জানায়, মাগুরার শ্রীপুরের শিরিষ বিশ্বাস দুপুর ১২টার দিকে সোনালী ব্যাংক থেকে ২ লাখ ৭৩ হাজার টাকা তোলেন। কিছু টাকা তিনি ছেলের কাছে পাঠানোর জন্য দুপুর সাড়ে ১২টার দিকে ব্র্যাক ব্যাংকের ওই শাখায় যান। একটি ব্যাগে টাকা রেখে তিনি টাকা পাঠানোর প্রক্রিয়া করছিলেন। এ সময় ওই ছিনতাইকারী তাঁর পাশে এসে বসেন ও ব্যাগ নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। তখন শিরিষ বিশ্বাসের চিৎকারে অন্য গ্রাহকেরা ও নিরাপত্তারক্ষী ছিনতাইকারীকে আটক করেন ও টাকার ব্যাগটি উদ্ধার করেন। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়।
মাগুরা সদর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক আবু হেনা প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তবে ওই গ্রাহক মামলা করেননি।