ব্যাংকের ভেতরে গ্রাহকের ব্যাগ কেটে টাকা চুরি
রাজশাহীতে একটি ব্যাংকের ভেতরে গ্রাহকের ব্যাগ কেটে ২ লাখ ২৪ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে ইসলামী ব্যাংকের নিউমার্কেট শাখায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল রাতে নগরের বোয়ালিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে। গ্রাহকের নাম আলাল উদ্দিন। তিনি নিউমার্কেট এলাকার মিতা স্টুডিও অ্যান্ড কালার ল্যাবের মালিক।
অভিযোগ সূত্রে জানা গেছে, আলাল উদ্দিন তাঁর কর্মচারী কৃষ্ণ কুমার রাহাকে ৯ লাখ ২৪ হাজার টাকা দিয়ে গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে পাশেই অবস্থিত ইসলামী ব্যাংকের শাখায় পাঠান। এই টাকা ঢাকা ট্রেড করপোরেশনে পাঠানোর কথা। কৃষ্ণ কুমার ব্যাংকের ৩ নম্বর কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য দাঁড়ান। পাশের কাউন্টারের এক ব্যক্তির সঙ্গে অল্প সময় আলাপ সেরে কাউন্টারে জমা দেওয়ার জন্য টাকা ব্যাগ থেকে বের করতে যান। এর মধ্যেই তাঁর ব্যাগ থেকে খোয়া গেছে ২ লাখ ২৪ হাজার টাকা। ওই টাকা অন্য টাকা থেকে আলাদা করে ব্যাগটির ভেতরে রাখা ছিল।
রাজশাহীর ইসলামী ব্যাংকের নিউমার্কেট শাখা থেকে টাকা চুরির ঘটনাটি সিসি ক্যামেরায় ধরে পড়েছে। ভিডিও ফুটেজে তিনজনের চেহারা স্পষ্ট বোঝা যায়। সিসি ক্যামেরায় দেখা যায়, তিনজন লোক ব্যাগের আশপাশে ঘোরাঘুরি করছিল। এর মধ্যে একজন পেছনে দাঁড়িয়ে ধারালো অস্ত্র দিয়ে ব্যাগটি কেটে টাকা নিজের কাছে থাকা ব্যাগ দিয়ে আড়াল করে তিনজনই একসঙ্গে বেরিয়ে যায়।
এ ব্যাপারে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আলী বলেন, ব্যাংকের ভেতরে কে গ্রাহক আর কে চোর তা বোঝা যায় না। এটা একটি সংঘবদ্ধ চক্রের কাজ। তারা একে অপরকে আড়াল করে ব্যাগ কেটেছে।